বাবুবাজার সেতুর ওপরে যানজট কমছে না
যানজট ও বেপরোয়া চালনা এড়াতে বাংলাদেশ-চীন দ্বিতীয় সেতুর ওপরে বিভাজক (ডিভাইডার) দেওয়া হলেও সেখানে নিয়মিত যানজট হচ্ছে। বাবুবাজার সেতু নামে পরিচিত এই সেতুর ওপরে অবৈধ বাসস্ট্যান্ড ও লেগুনাস্ট্যান্ড থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এই সেতুতে চলাচলকারী পরিবহনের টোল আদায় বছর খানেক বন্ধ থাকায় যথেচ্ছভাবে যানবাহন রাখার প্রবণতা বেড়েছে।
গতকাল বুধবার বেলা দুইটার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, নয়াবাজার প্রান্তে সেতুর ওপর থেমে থেমে চলছে যানবাহন। একপর্যায়ে দেখা যায়, সেতুর ওপরেই বাস, মিনিবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ প্রায় ২০০ যানবাহন স্থবির হয়ে আছে। জট ছাড়তে অন্তত এক ঘণ্টা সময় লাগে।
এর আগে সেতুর নয়াবাজার অংশে উঠতেই দেখা গেল আবদুল্লাপুর পরিবহনসহ অনেক পরিবহনের লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে। সেখানে সেতুর প্রস্থ হয়ে গেছে প্রায় অর্ধেক। কেরানীগঞ্জের দিকে যেতে ৪০০ গজ অংশে বিভাজক দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন পরিবহনের বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। বেঁধে যাচ্ছে যানজট।
পুরো সেতু ঘুরে দেখা গেল, এক এক পরিবহনের তিন থেকে সাতটি পর্যন্ত বাস এলোমেলোভাবে দাঁড়িয়ে। এগুলোর মধ্যে ছিল গ্রেট বিক্রমপুর (প্রা.) লিমিটেড, ডিএম পরিবহন, গাঙচিল পরিবহন, বিআই এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন, এসএস পরিবহন, ইলিশ পরিবহনের বাস।
এভাবে বাস দাঁড় করিয়ে রেখে যানজট বাড়ানো হচ্ছে কেন—এমন প্রশ্ন করলে গাঙচিল পরিবহনের কর্মী আবদুস সবুর জানান, এটা তাঁরা অনেক দিন থেকে করছেন। কিছুটা যানজট হচ্ছে ঠিক, কিন্তু অনেক যাত্রীর উপকারও হচ্ছে।
অন্য পরিবহন থেকেও নিজেদের পক্ষে সেখানে অবস্থানের যুক্তি দেখানো হয়। বাস দাঁড় করানোর জন্য টাকা খরচ করতে হয় বলেও জানান কয়েকজন পরিবহনকর্মী।
কিছু লেগুনা কেরানীগঞ্জ প্রান্ত থেকে সেতুর মাঝ বরাবর এসে আবার ঘুরে যাচ্ছে। চলার পথে থমকে যাচ্ছে কিছু যানবাহন। বাদামতলী ও মিটফোর্ড এলাকা থেকে দুটি পদচারী-সেতুর সংযোগ হয়েছে এই সেতুর সঙ্গে। দুটি পদচারী-সেতু দিয়ে অনেক পথচারী ওঠানামা করছে। এদের মধ্যে অনেকে হাত তুলে চলন্ত বাসে উঠেও পড়ছে।