বাবুবাজার সেতুর নিচে গাড়ি পার্কিং নির্মাণে দরপত্র
পুরান ঢাকার বাবুবাজারে বুড়িগঙ্গা সেতুর নিচে গাড়ি পার্কিং নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে ডিএসসিসির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সেতুর নিচে গাড়ি পার্ক করলে এই এলাকায় যানজট আরও বাড়বে, এলাকার পরিবেশ নষ্ট হবে। ডিএসসিসি বলছে, যানজট কমবে।
গত ১০ জানুয়ারি বাবুবাজার সেতুর নিচের এই জায়গা থেকে দেড় শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছিল ডিএসসিসি। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। এলাকাটি ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ প্রথম আলোকে বলেন, বাবুবাজার এলাকা পুরান ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা। কিন্তু এই এলাকায় গাড়ি রাখার কোনো পার্কিং ব্যবস্থা নেই। ফলে সব ধরনের যানবাহন সড়কের ওপর রাখতে হয়। এতে সড়কে দিনভর যানজট লেগে থাকে। সম্প্রতি পার্কিং নির্মাণের জন্য দরপত্র ঘোষণা করা হয়েছে৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সেতুর নিচের দক্ষিণ অংশের পৃথক দুটি স্থানে সকালে ও বিকেলে খেলাধুলা করে মহল্লার শিশু-কিশোরেরা। এখন সেতুর নিচে গাড়ি পার্ক করলে খেলাধুলা থেকে তারা বঞ্চিত হবে। পুরান ঢাকায় পর্যাপ্ত খেলার মাঠ নেই।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, নয়াবাজার থেকে বুড়িগঙ্গা নদীর পাড় পর্যন্ত সেতুর নিচের অংশে পিকআপ, রিকশা ভ্যানসহ বিভিন্ন মালবাহী যানবাহন এলোমেলোভাবে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় ২০টি অস্থায়ী চায়ের দোকান ও ভাতের হোটেল। আশপাশের বিভিন্ন আড়তের মালামাল স্তূপ করে রাখা হয়েছে। স্তূপ হয়ে আছে ময়লা-আবর্জনা। সেতুর নিচের দক্ষিণ পাশের খালি জায়গায় ক্রিকেট খেলছে কয়েকজন কিশোর। তবে এই অংশের চারপাশে স্টিল দিয়ে বেড়া দেওয়া আছে।
বাবুবাজার সেতুর নিচে পার্কিং নির্মাণ নিয়ে গতকাল বাবুবাজার ও আরমানিটোলার ৮ থেকে ১০ জন স্থানীয় বাসিন্দার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। আরমানিটোলার স্থানীয় বাসিন্দা মো. আকরাম বলেন, সেতুর নিচ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর এলাকাটি অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। কিন্তু এখন মালবাহী বিভিন্ন পরিবহন রাখায় পরিবেশ আগের মতো নোংরা হয়ে গেছে। এ ছাড়া এখানে স্থায়ীভাবে গাড়ি পার্ক করলে মহল্লার পরিবেশ আরও নষ্ট হবে। সেতুর নিচে মহল্লার ছেলেরাও খেলাধুলা করতে পারবে না। প্রায় একই কথা বলেছেন বাবুবাজারের স্থানীয় বাসিন্দা কামাল হোসেন। তিনি বলেন, সেতুর নিচে গাড়ি পার্ক করলে সেতুর ক্ষতি হওয়ার আশঙ্কা আছে৷
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, সেতুর নিচের জায়গায় পার্কিং নির্মাণ সম্পর্কে তাঁর জানা নেই৷