বাবুবাজার সেতুর সিঁড়ি বন্ধ, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজার সেতুতে ওঠা-নামার সিঁড়িটি (বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়) ইট গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সিঁড়িতে দেয়াল তুলে দেওয়া হলেও লোকজনের যাতায়াত থেমে নেই। এখন চরম ঝুঁকি নিয়ে দেয়াল টপকে পারাপার হচ্ছেন লোকজন৷
বাবুবাজার সেতুর সিঁড়ির অংশে অবৈধ সিএনজি ও বাসস্ট্যান্ড গড়ে ওঠায় তা বন্ধ করেছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়৷ কিন্তু সেতুর ওপর থেকে স্থায়ীভাবে স্ট্যান্ডই সরানো হয়নি৷ তাই পথচারীরা ঝুঁকি নিয়ে সিঁড়িতে চলাচল করছেন৷
পথচারীদের দাবি, সেতুর ওপর থেকে স্ট্যান্ডটি উচ্ছেদ না করে সিঁড়িটি বন্ধ করায় ভোগান্তি বেড়েছে৷ এখন প্রায় অর্ধকিলোমিটার এলাকা ঘুরে সেতুতে ওঠা-নামা করতে হয়৷ অথচ সিঁড়িটি খোলা থাকলে সহজে সেতু থেকে বাবুবাজার ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় যাওয়া যেত৷
সরেজমিনে দেখা যায়, কেরানীগঞ্জ ও পুরান ঢাকার অনেক বাসিন্দা বাবুবাজার সেতু দিয়ে হেঁটে নদী পারাপার হচ্ছেন৷ দেশের দক্ষিণাঞ্চল ও কেরানীগঞ্জের অনেক যাত্রী বাস ও সিএনজি করে নামছেন সেতুর সিঁড়ি অংশে৷ তাঁরা সহজে বাবুবাজার ও মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য পাইপ বেয়ে ইটের দেয়াল টপকে ঝুঁকি নিয়ে নিচে নামছেন৷ অনেকে আবার নিচ থেকে ওপরে ওঠার চেষ্টা করছেন৷ এ ছাড়া কিছু পথচারী বা যাত্রী প্রায় অর্ধকিলোমিটার এলাকা ঘুরে (নয়াবাজার) সেতুতে ওঠা-নামা করছেন৷ সেতুর সিঁড়ির অংশে রয়েছে সিএনজি ও বাসস্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে কেরানীগঞ্জ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন পরিবহনে যাতায়াত করছেন পথচারীরা৷ স্ট্যান্ডের কারণে সেতু থেকে পুরান ঢাকার তাঁতীবাজার পর্যন্ত সড়কে লেগে রয়েছে তীব্র যানজট।
পথচারী পারভিন আক্তারের বাসা কেরানীগঞ্জের ঝাউবাড়ি জামে মসজিদ এলাকায়, কাজ করেন মিটফোর্ড হাসপাতাল এলাকায় একটি প্লাস্টিকের কারখানায়৷ তিনি বলেন, প্রতিদিন সকাল ও বিকেলে বাবুবাজার সেতুর এই সিঁড়ি দিয়ে চলাচল করতেন তিনি৷ কিন্তু সিঁড়িটি বন্ধ করে দেওয়ায় এখন নয়াবাজার এলাকা দিয়ে আসা-যাওয়া করতে হয়৷ এতে সময় বেশি লাগে ও কষ্ট হয়৷ তাই পথচারীদের সুবিধার্থে তা খুলে দেওয়ার দাবি জানান তিনি৷
স্থানীয় বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানায়, প্রায় এক মাস আগে এই এলাকা পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ এ সময় মন্ত্রী সেতুর ওপর যানজট ও স্ট্যান্ড দেখে সিঁড়িটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন৷ তারপরই সেতুতে ওঠা-নামার সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়৷ এ ছাড়া ওই দিনই সড়ক থেকে স্ট্যান্ড উচ্ছেদ করা হয়৷ কিন্তু পরদিনই আবার সেতুতে স্ট্যান্ড গড়ে ওঠে৷ এই এলাকাটি ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত৷
ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বিল্লাল শাহ প্রথম আলোকে বলেন, পথচারীদের সুবিধার্থেই সেতুতে ওঠার জন্য সিঁড়িটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতুর এই অংশে গড়ে উঠেছে অবৈধ বাস ও সিএনজি স্ট্যান্ড। তাই প্রায় এক মাস আগে তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাবুবাজার সেতুটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে আছে৷