
দুই থামের মাঝখানে ছোট একটি খেলার জায়গা। একটি থামের পুরোটায় বাংলাদেশের পতাকা আঁকা। ওপরে লেখা, ‘শিশু কিশোর যুবকদের খেলাধুলা ও এলাকাবাসীর জন্য মুক্ত স্থান’। দর্শকদের বসার জায়গার নিচে ভাঙা সিঁড়ির মতো পড়ে আছে। সেখানে এক পাশে লেখা ‘মোহামেডান’, অন্য পাশে ‘আবাহনী’। জায়গাটি মিটফোর্ড হাসপাতালের পাশের বাবুবাজার সেতুর নিচে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাবুবাজার সেতুর নিচের এই স্থানে গাড়ি রাখার জায়গা তৈরি করতে যাচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, খেলার জয়গাটি আর থাকছে না।
রতন মিয়া এখানে নিয়মিত খেলেন। তিনি বলেন, ‘এই জায়গায় চালের গুদামের দখল ছিল। মাদকের আড্ডা হতো। পরিবেশও ভালো ছিল না। এখন জায়গাটায় খেলাধুলা হয়। এখানে পার্কিং চাই না।’
বাবুবাজার সেতুর নিচের প্রায় পুরোটায়ই গাড়ি রাখা হচ্ছে। দোকানপাটও উঠেছে বিস্তর। আর এই খেলার জায়গাটির আশপাশের জায়গাগুলো ভাঙা হচ্ছে। এখানে সিটি করপোরেশন গাড়ি রাখার জায়গা বানাবে। স্থানীয় ছেলেদের আশঙ্কা, এই মাঠও থাকবে না।
স্থানীয় বাসিন্দা মো. মানিক বলেন, ‘আমাদের ধারেকাছে খেলার কোনো জায়গা নাই। এইটা সবাই মিলে বানাইছি। প্রতিদিন বিকেলে অনেকেই আসে খেলতে। ছুটির দিনে অনেক ভিড় হয়। অন্য কিছু হোক, তা চাই না।’ তিনি আরও বলেন, আশপাশের কয়েকটি এলাকা মিলে তাঁরা বাবুবাজার ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করতে যাচ্ছেন। এখানে প্রায়ই ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে।
ডিএসসিসির প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ বলেন, ‘সেতুর নিচে আমরা কাজ করছি। গাড়ি পার্কিং তৈরি করা হবে। কিন্তু খেলার জায়গাটি ভাঙা হয়নি।’ ভাঙা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বাবুবাজার বাদামতলী সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন জায়গাটি অক্ষুণ্ন রাখার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মেয়রের কাছে আবেদন করেন। গত ১১ আগস্টে তিনি আবেদন করলেও এখনো কোনো সাড়া পাননি। তিনি বলেন, ‘১৫ দিন আগে সিটি করপোরেশন থেকে বুলডোজার আসে। তখন আমরা সবাই মিলে বাধা দেই। এখানে তো কোনো দখল হচ্ছে না। এটা সবার খেলার জন্য উন্মুক্ত।’ তিনি জানালেন, প্রায় তিন বছর আগে তাঁরা মাঠটি বানান। মাস দুয়েক আগে উচ্ছেদ অভিযানের সময় খেলার জায়গাটির ভেতরের ছোট দুটি গ্যালারি ভেঙে দেওয়া হয়। তাঁদের চাওয়া, জায়গাটি যেন ভাঙা না হয়।