বাবুরহাটে আগুনে পাঁচ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাবুরহাটে আবারও আগুন লেগে পাঁচটি কাপড়ের দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা তিনটার এ আগুন লাগার ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো ঈগল বস্ত্রালয়, জেবিএল বস্ত্রালয়, লেকমি বস্ত্রালয়, গুরু বস্ত্রালয় ও নয়ন বস্ত্রালয়। সবগুলোই ছিল পাইকারি দোকান। এর আগে গত মঙ্গলবার ভোরে আগুন লেগে পাইকারি কাপড়ের আরও আটটি দোকান পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল বেলা তিনটার দিকে বাজারে হঠাৎ ঈগল বস্ত্রালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে অবশ্য পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
ঈগল বস্ত্রালয়ের মালিক মনির হোসেন বলেন, তাঁর দোকানের প্রায় কোটি টাকার কাপড় পুড়ে গেছে।
মাধবদী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. হিরণ জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।