
পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর তিন কিলোমিটার বাবুরাইল সংযোগ খাল উদ্ধারে উচ্ছেদ ও খননকাজ শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। গতকাল সোমবার সকালে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী এর উদ্বোধন করেন।
মেয়র আইভী সাংবাদিকদের বলেন, ‘একসময় এ খাল দিয়ে পণ্যবাহী নৌকা চলাচল করত। আমরা পূর্বের ন্যায় খালটিকে ফিরিয়ে আনব। যত চাপই আসুক না কেন, খাল খনন করা হবেই।’
নগরবাসী সূত্র জানায়, আশির দশকেও শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে সংযোগ ছিল তিন কিলোমিটারের বাবুরাইল খালের। এ খাল হয়ে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীতে বিভিন্ন অঞ্চল থেকে পাটসহ নানা পণ্যবাহী নৌকা চলাচল করত। তখন এ খালের পানিও ছিল স্বচ্ছ। এলাকার লোকজন গোসলসহ নানা কাজে খালের পানি ব্যবহার করত। নব্বইয়ের দশকের পর থেকে খালটি আস্তে আস্তে দখল ও ভরাট হতে থাকে। এরপর খালে আর নৌকা চলাচল করেনি। ভরাটের কারণে খালটির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। দূষণমুক্ত ও পরিবেশ রক্ষায় এ খাল দখলমুক্ত করে খনন করার দাবি জানিয়ে আসছিল পরিবেশবাদী সংগঠনসহ নগরবাসী।
গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর মীনাবাজার এলাকায় (হংস হল) খননযন্ত্র (ভেকু) দিয়ে বাবুরাইল খালে উচ্ছেদ ও খননকাজের উদ্বোধন করেন মেয়র আইভী। এদিকে খাল থেকে স্থাপনা উচ্ছেদের বিরোধিতা করে দখলদারেরা জানিয়েছেন, নোটিশ ছাড়াই তাঁদের উচ্ছেদ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, নারায়ণগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার নির্বাচনী ইশতেহার ছিল মেয়র আইভীর। সেই ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সংযোগ খাল খনন, সংস্কার ও লেক করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র আইভী বলেন, ২৯০ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের আওতায় বাবুরাইল খাল খনন, দুই পার সংস্কার করে ওয়াকওয়ে নির্মাণ এবং দৃষ্টিনন্দন লেক করা হবে। প্রথম ধাপে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী মীনা হোটেলের পাশ থেকে মণ্ডলপাড়া মোড় পর্যন্ত খাল খনন, খালের দুই পাড় সংস্কার, ওয়াকওয়ে ও লেক করা হবে।