বাবুর্চি-প্রহরী বাবদ সচিবদের ৩২ হাজার টাকা: পাঠক প্রতিক্রিয়া
সরকারে দেওয়া বাবুর্চি ও নিরাপত্তা প্রহরীর পরিবর্তে সচিবেরা এখন থেকে মাসিক ভাতা পাবেন। ভাতার পরিমাণ ৩২ হাজার টাকা। কোনো সচিব যদি বাসায় বাবুর্চি ও প্রহরী না রাখেন, তবু এ টাকা তাঁদের ব্যাংক হিসাবে চলে যাবে। এর আগে এ দুই পদে সরকারের দেওয়া লোক থাকত। আর সচিবেরা মাসে তিন হাজার টাকা পেতেন ‘ডমেস্টিক এইড’ ভাতা হিসেবে।
প্রথম আলো ফেসবুকের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্তে পাঠকদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। অনেক পাঠক মতামত জানিয়েছেন। বেশির ভাগ পাঠক এর সমালোচনা করেছেন, অনেকের কাছেই এটি অতিরিক্ত বলে মনে হয়েছে। অনেক পাঠক ভাতার টাকার যথাযথ ব্যবহারের দিকে জোর দিয়েছেন। কেউ কেউ প্রকাশ করেছেন ক্ষোভ।
ফয়েজ আহমেদ মুন্না লিখেছেন, ‘দেশের মানুষের এই নাজুক অবস্থাতে এ কেমন সিদ্ধান্ত।’ মো. মনির হোসাইন লিখেছেন, ‘তাঁদের বেতন এবং সুযোগ-সুবিধা এত না বাড়িয়ে সরকারের যেখানে লোকবল-সংকট আছে, সেখানে শূন্যতা পূরণ করলে বেকার সমস্যার কিছুটা হলেও কমবে।’
কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন মন্তব্যে। মেহেদি হাসান রাব্বি লিখেছেন, ‘আপনারা পাঠকের কাছে জিজ্ঞাসা না করে সরকারের কাছে প্রতিক্রিয়া শুনুন। আমাদের ক্রিয়া-প্রতিক্রিয়ার কি কোনো মূল্য আছে?’ উপন চাকমার মন্তব্যেও ছিল হতাশা। তিনি লিখেছেন, ‘আমি স্নাতক পাস করেছি। আমাকে ওই বাবুর্চি পদে নিয়োগ দেওয়া হোক।’
এ সিদ্ধান্তের পরিবর্তে বরং বেকার সমস্যার সমাধানের দিকে জোর দেওয়া উচিত বলে মনে করেন অনেক পাঠক। রাজিয়া সুলতানা লিখেছেন, ‘বেকারের চাকরি হয় না, আর যাদের আছে তাদের আরও দেয়, বিনা দরকারেও দেয়!’ অদ্রিকা অনুপমা লিখেছেন, ‘দেশের হাজার হাজার শিক্ষিত বেকারের জীবন আজ চাকরি না পেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এ সিদ্ধান্ত বাতিল করুন।’ মো. আলামিন খান আরও লিখেছেন, ‘বাবুর্চি-প্রহরী না রাখলেও যেহেতু টাকাটা দেবেন, প্রহরী-বাবুর্চি রাখা বাধ্যতামূলক করে দিন। তাতে সামান্য কিছু বেকার কাজ পাবে।’
কাওছার আহমেদ লিখেছেন, ‘হে লেখক, আমি মন্তব্যহীনতায় ভুগছি। প্লিজ, চালের দাম আরও বাড়াতে বলুন। এত কম দামে চাল কিনতে ইগোতে লাগে।’ বিল্লাল ইবনে আলী লিখেছেন, ‘৩২ হাজার নিতান্তই সামান্য টাকা। ন্যূনতম ৫০ হাজার দেওয়া হোক। কী আরাম...’
খুব কম পাঠকই এটা সমর্থন করেছেন, তবে তাঁরাও জুড়ে দিয়েছেন কিছু শর্ত। ইফতেখার হাসান নাবিল লিখেছেন, ‘আমি এটা সমর্থন করি। তবে এমন আইন করতে হবে যাতে দুর্নীতি করলে মৃত্যুদণ্ড হবে। সুযোগ-সুবিধা, বেতন-ভাতা সব বাড়বে আবার দুর্নীতিও করবেন, সেটা হবে না। যেকোনো একটা করেন।’
কোনো কোনো পাঠক সরকারে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ। আখতারুজ্জামান সরকার লিখেছেন, ‘জনগণই নাকি রাষ্ট্রের মালিক! এখন তো দেখছি সেটা ভুল। আসলে সচিবরাই রাষ্ট্রের মালিক এবং জনগণ তাঁদের গোলাম। রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধও আর অবশিষ্ট নেই।’
প্রায় সব পাঠকই সরকারের এ সিদ্ধান্তে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের ক্ষোভও ফুটে উঠেছে মন্তব্যে। সরকারকে বেকার সমস্যা সমাধানের দিকে জোর দিতে পরামর্শ দিয়েছেন অনেক পাঠক। সব মন্তব্য দেখতে আমাদের ফেসবুক পোস্ট থেকে ঘুরে আসতে পারেন।