বাবুল আক্তারকে কখনো দেখিইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মিতু হত্যার ঘটনায় আলোচিত স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের সঙ্গে সম্পর্কের খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন বনানী বিনতে বশির নামের এক নারী। গতকাল সোমবার মাগুরায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাবুল আক্তারের সঙ্গে তাঁর পরিচয় ছিল না। তাঁকে কোনো দিন তিনি দেখেননি।
এর দুই দিন আগে বনানীর ননদ জান্নাত আরা ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, বাবুল আক্তারের সঙ্গে নম্পর্কের জেরে বনানী তাঁর স্বামী আকরামকে হত্যা করান।
এ অভিযোগ অস্বীকার করে গতকাল দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বনানী দাবি করেন, তাঁর স্বামী ঝিনাইদহ সদরের বাসিন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত বছরের ১৩ জানুয়ারি মারা যান। কিন্তু তাঁর ননদ জান্নাত আরা তখন অভিযোগ করেন, আকরামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এ অভিযোগে বনানী, তাঁর বাবা-মা ও এক ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে শৈলকূপা থানায় মামলা হয়। কিন্তু পরবর্তী সময়ে ফরেনসিক টেস্টে হত্যার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
গৃহবধূ বনানী আরও বলেন, ওই মামলায় ব্যর্থ হয়ে সম্প্রতি তাঁর ননদ জান্নাত আরা আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এর ভিত্তিতে কিছু কিছু সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে তাঁকে (বনানী) ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অথচ বাবুল আক্তারকে তিনি কখনো দেখেননি। তাঁর সঙ্গে পরিচয়ও হয়নি। শুধু পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন, তাঁর স্বামী আকরাম হোসেন যখন মারা যান, তখন বাবুল আক্তার সুদানে জাতিসংঘ মিশনে ছিলেন। বনানী দাবি করেন, ‘আমাকে ও বাবুল আক্তারকে জড়িয়ে পরকীয়ার যে অপপ্রচার চালানো হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত, সম্পূর্ণ কাল্পনিক।’
বনানী আরও বলেন, ‘তাঁর ননদ জান্নাত আরা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ১৯৯০ সালে তাঁর (বনানী) বাবা খুলনায় চাকরি করার সময় থেকে বাবুল আক্তারের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। কিন্তু তখন তাঁর (বনানী) বয়স ছিল মাত্র চার বছর। তিনি প্রশ্ন করেন, মাত্র চার বছরের একটি মেয়ে কীভাবে প্রেমের সম্পর্কে জড়াবে? তিনি বলেন, ‘আমার ননদেরা আমার স্বামীর সম্পদের লোভে আমাকে জড়িয়ে বিভিন্ন সময়ে পরকীয়ার কাহিনি প্রচার করেছেন।’
বনানী সাংবাদিকদের মাধ্যমে এ ধরনের অপপ্রচারের হাত থেকে পরিত্রাণ পেতে গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা
করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জান্নাত আরা বলেন, তাঁদের পাঁচ বোনের একমাত্র ভাই আকরাম নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই তাড়াহুড়া করে লাশ দাফন করা হয়। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস পর কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হয়। কিন্তু সে সময় বনানীর সঙ্গে সম্পর্কের কারণে বাবুল আক্তার প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত ও পুলিশি তদন্ত পাল্টে দেন।