বাবুল আক্তারের মা-বাবার পর এবার তাঁর এক খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলেছেন মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান বাবুলের খালাতো ভাই মো. মফিজ (মাজেদ নামেও পরিচিত)। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা।
মো. মফিজ চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মী। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুরে।
মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান একাই মফিজকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা নেই বলে তদন্ত কর্মকর্তাকে জানান মফিজ। হত্যাকাণ্ডের ছয় মাস আগে সর্বশেষ বাবুল আক্তারের জিইসির বাসায় গেছেন বলে জানান তিনি।
এর আগে ১ জানুয়ারি বাবুল আক্তারের মা শাহিদা ওয়াদুদ ও বাবা আবদুল ওয়াদুদ মিয়ার সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা। গত বছরের ১৫ ডিসেম্বর বাবুল আক্তার এবং ২২ ডিসেম্বর মাহমুদার বাবা ও বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলেন তিনি।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানমকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। এরপর ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’
তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাবুল আক্তারের বাসায় কারা নিয়মিত আসত, বাবুল ও মাহমুদার সম্পর্ক কেমন ছিল এ বিষয়ে মফিজের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
বাবুল আক্তারের শাশুড়ি ও তাঁর শ্যালিকার সঙ্গে কথা বলবেন বলে জানান তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘চট্টগ্রামে বাবুল আক্তারের বাসায় যারা নিয়মিত আসা-যাওয়া করত, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। যদি কোনো তথ্য পাওয়া যায়।’