মাহমুদা হত্যা মামলায় তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ‘আসামি’ করা না হলে ন্যায়বিচার নিশ্চিত হবে না—এই মন্তব্য মাহমুদার বাবা মোশাররফ হোসেনের। তিনি বলেন, ‘পুলিশ অভিযোগপত্র প্রস্তুত করেছে শুনেছি। কিন্তু বাবুলকে যদি আসামি করা না হয়, আইনগত ব্যবস্থা নেব। আদালতে নারাজি দেব। আদালত যা করার করবেন।’
বাবুল কেন আসামি হবেন? এ প্রশ্নের জবাবে সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, অন্য নারীর সঙ্গে সম্পর্কের কারণে বাবুল তাঁর সোর্স মুছাকে (কামরুল শিকদার) দিয়ে মাহমুদাকে হত্যা করিয়েছেন। আসামিরা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, মুছার নির্দেশে তাঁরা খুন করেছেন। কিন্তু পুলিশ মুছাকে ধরছে না। কারণ মুছা খুনের নির্দেশদাতা বাবুলের নাম বলে দেবেন।
গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত ১৬ মাসেও শেষ করতে পারেনি চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুরু থেকে মামলাটি তদন্ত করছেন চট্টগ্রাম নগর ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। স্ত্রী হত্যায় বাবুলের সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।’ বাবুলকে আসামি না করলে মাহমুদার মা-বাবা আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেবেন জানানো হলে তিনি বলেন, ‘সেটি তাঁদের বিষয়।’
মাহমুদাকে কেন হত্যা করা হলো, দীর্ঘ তদন্তে কী পাওয়া গেছে—এসব বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, পলাতক মুছা ও কালুকে খোঁজা হচ্ছে। তাঁদের ধরতে পারলে হয়তো বিষয়টি স্পষ্ট হবে।
মাহমুদা হত্যার পর বাবুল প্রথমে রাজধানীর মেরাদিয়ার ভুঁইয়াপাড়ায় শ্বশুর মোশাররফ হোসেনের বাড়িতে ছিলেন। তখন তো বাবুলের কোনো অপরাধ খুঁজে পাননি, এখন কেন তাঁকে অভিযুক্ত করছেন? এ প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ঘটনার পরপরই অনেকে বাবুলের জড়িত থাকার কথা তাঁকে বলেছিলেন। কিন্তু তিনি ওই সময় বিষয়টি বিশ্বাস করতে চাননি। নাতি-নাতনির দিকে তাকিয়ে এমন ভাবনা মাথায় আনেননি।
মাহমুদার মা শাহেদা মোশাররফ বলেন, আগে যা হওয়ার হয়েছে। এখন মেয়ের খুনির বিচারের জন্য যা যা করার করবেন তাঁরা।
গত বছরের ২৪ জুন মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।
হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য পেয়ে বাবুলকে পুলিশের চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলে দাবি করেন মাহমুদার বাবা মোশাররফ হোসেন। তিনি বলেন, পরে বাবুল চাকরি ফিরে পাওয়ার আবেদন করলেও হত্যাকাণ্ডে জড়িত বলেই তাঁকে আর নেওয়া হয়নি। তবে এটুকু বাবুলের শাস্তি হতে পারে না।
শ্বশুর ও শাশুড়ির তোলা অভিযোগ অস্বীকার করে বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘তাঁরা এখন অনেক কথাই বলবেন। স্ত্রী হত্যার সুষ্ঠু বিচার চাই আমি।’
মাহমুদা হত্যার পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পর মো. ওয়াসিম ও মো. আনোয়ার নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা স্বীকার করেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ডে তাঁরা সাত-আটজন অংশ নেন। গত বছরের অক্টোবর মাসে মুছার সন্ধান চেয়ে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে চট্টগ্রাম নগর পুলিশ। গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বাবুল চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় মুছা তাঁর ঘনিষ্ঠ সোর্স হিসেবে কাজ করতেন।
অবশ্য মুছার স্ত্রী পান্না আক্তারের দাবি, মাহমুদা হত্যার ১৭ দিন পরই চট্টগ্রাম নগরের বন্দর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে সাদাপোশাকধারী পুলিশ মুছাকে তুলে নিয়ে যায়। তবে শুরু থেকেই এ দাবি অস্বীকার করে আসছে পুলিশ।
পান্না আক্তার গত রোববার রাতে প্রথম আলোকে বলেন, বাবুলকে বাঁচাতে মুছাকে মেরে ফেলা হয়েছে বলে তাঁরা শুনেছেন। মুছা যদি বেঁচে থাকেন, তাহলে পুলিশ তাঁকে কেন আদালতে হাজির করছে না?
পুলিশের তথ্য অনুযায়ী, মাহমুদা হত্যায় অংশ নেন ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান মিয়া, মুছা ও মো. কালু। তাঁদের মধ্যে নবী ও রাশেদ গত বছরের ৪ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মুছা ও কালু এখনো ধরা ছোঁয়ার বাইরে, অন্যরা কারাগারে।