বাবুলকে গ্রেপ্তারের মতো প্রমাণ পাওয়া যায়নি: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, বাবুল আক্তারকে গ্রেপ্তার করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে।

মাহমুদা খানম হত্যা মামলায় তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজ বুধবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে আইজিপি এ মন্তব্য করেন।

মাহমুদা হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন কামরুল শিকদার ওরফে মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করার পরও কেন তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এই প্রশ্নে শহীদুল হক বলেন, ‘নির্দিষ্ট সময় অপেক্ষা করে তাঁর (মুছা) অনুপস্থিতিতে অভিযোগপত্র দেওয়া হবে।’

গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মাহমুদা খানমকে। আর ৬ অক্টোবর চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা দেন।

মাহমুদা হত্যার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ গত বছরের ২৭ জুন নগরের বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মনির হোসেন নামের আরেক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এহতেশামুল হক ও মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা করেন মো. কামরুজ্জামান। তদন্ত শেষে গত ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২২ নভেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু করেন।

এমপি হতে সাংসদ মনজুরুলকে হত্যা করেন কাদের খান
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল কাদের খান বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বুধবার দামপাড়া পুলিশ লাইন মাঠে চট্টগ্রাম নগর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিত হন কাদের খান। এই আসনের সর্বশেষ সাংসদ মনজুরুল ইসলাম গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়। আগামী ২২ মার্চ এই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে কাদের খান মনোনয়নপত্র তুলেছিলেন। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। কিন্তু এর আগের দিন ‘নজরবন্দী’ কাদের খান মনোনয়নপত্র দাখিল না করার ঘোষণা দেন।

মনজুরুল ইসলাম হত্যা মামলায় আবদুল কাদের খানের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরের দিকে কাদের খানের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুব। গতকাল মঙ্গলবার বগুড়ার বাড়ি থেকে কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ কে এম শহীদুল হক বলেন, ‘তদন্ত করে পুলিশ সাংসদ মনজুরুল হত্যা মামলার খুনি ও পরিকল্পনাকারীকে শনাক্ত করেছে। এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। শতভাগ পেশাদারি ও নিরপেক্ষভাবে পুলিশ তদন্তে যা পেয়েছে তা জাতির সামনে তুলে ধরেছে। সাংসদ হত্যার পরিকল্পনাকারী আবদুল কাদের খান। তার ইচ্ছে ছিল লিটনকে সরিয়ে পথ পরিষ্কার হবে। পরবর্তীতে এমপি হতে পারবে।’

দক্ষ পুলিশের একটি দল দেড় মাস তদন্ত করে সাংসদ হত্যার খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করেছে জানিয়ে আইজিপি আরও বলেন, ‘তিনজন কিলার মোটরসাইকেলে করে তার (লিটনের) বাড়িতে গেছে। গুলি করে তাকে। সেই মোটরসাইকেল আবার উদ্ধার হয়েছে এবং তিনজন কিলারকে আমরা গ্রেপ্তার করেছি। দুজন ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আরেকজন গ্রেপ্তার হয়েছে, তাকেও আমরা ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য পাঠাব। ’

ঘটনার পর জামায়াতকে দায়ী করা হয়েছিল এখন কাদেরকে পরিকল্পনাকারী বলা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, জামায়াতকে সন্দেহ করাটা স্বাভাবিক ব্যাপার। ২০১৩ সালে সুন্দরগঞ্জে চারজন পুলিশকে হত্যা করা হয়েছিল। সেই সময় গাইবান্ধায় যারা নাশকতা করেছে তারা সবাই জামায়াতের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার প্রমুখ।