বাবুলের আরেক খালাতো ভাইয়ের সঙ্গে কথা বললেন তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ব্যবধানে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের আরেক খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলেছেন মাহমুদা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান বাবুলের খালাতো ভাই শফি উদ্দিন। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলেন তদন্তকারী কর্মকর্তা।

শফি উদ্দিন চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মী। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুরে।

মাহমুদা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান একাই শফি উদ্দিনকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে তদন্তকারী কর্মকর্তাকে জানান শফি। হত্যাকাণ্ডের ১৫ দিন আগে সর্বশেষ বাবুল আক্তারের জিইসির বাসায় গেছেন বলে জানান তিনি।

গত রোববার মো. মাজেদ ওরফে মফিজ নামের বাবুল আক্তারের এক খালাতো ভাই এবং ১ জানুয়ারি বাবুল আক্তারের মা শাহিদা ওয়াদুদ ও বাবা আবদুল ওয়াদুদ মিয়ার সঙ্গে কথা বলেন তদন্তকারী কর্মকর্তা। গত বছরের ১৫ ডিসেম্বর বাবুল আক্তার এবং ২২ ডিসেম্বর মাহমুদার বাবা ও বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলেন তিনি।

গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানমকে।