বাবুলের মা-বাবার সঙ্গে চার ঘণ্টা কথা বললেন তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের মা-বাবার সঙ্গে চার ঘণ্টা কথা বলেছেন মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় পুত্রবধূ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন তাঁরা। মাহমুদার কথা বলতে গিয়ে দুজনে বারবার কেঁদেছেন। তদন্ত কর্মকর্তাকে বলেছেন, বাবুল ও মাহমুদাকে সুখী দম্পতি হিসেবেই দেখেছেন তাঁরা।
গত রোববার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বাবুলের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল ওয়াদুদ মিয়া ও মা শাহিদা ওয়াদুদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা। বাবুল আক্তারের মা-বাবা মাগুরা থাকেন। তদন্ত কর্মকর্তার ডাকে মাগুরা থেকে চট্টগ্রামে এসে রোববার বিকেলে লালদীঘি এলাকার গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান একাই তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে গত ১৫ ডিসেম্বর বাবুল আক্তার এবং ২২ ডিসেম্বর মাহমুদার বাবা ও বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান গতকাল সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, মাহমুদার শ্বশুর-শাশুড়ির সঙ্গে মামলা নিয়েই কথা হয়েছে। তাঁদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তা এখনই বলা যাচ্ছে না। কথা বলার ফাঁকে ফাঁকে দুজনেই পুত্রবধূকে ‘ভালো’ বলেছেন। বাবুল ও তাঁর স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল বলে তাঁরা জানান।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানমকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। এরপর ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’
বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ মিয়া গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অসুস্থ স্ত্রীকে নিয়ে শুধু পুত্রবধূ হত্যার বিচারের অনুরোধ করতে তদন্ত কর্মকর্তার ডাকে তাঁরা মাগুরা থেকে চট্টগ্রামে ছুটে গেছেন। তদন্ত কর্মকর্তাকে বলেছেন, কী কারণে তাঁদের পুত্রবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সে সম্পর্কে কোনো ধারণা নেই তাঁদের। তিনি বলেন, ‘বউমা (নিহত মাহমুদা) খুব ভালো ছিল। তারা সুখী ছিল।’
বাবুল আক্তারের সোর্স কামরুল শিকদার ওরফে মুছা ও কালু মাহমুদাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ প্রশ্নে তিনি বলেন, ‘দুটি ফুটফুটে বাচ্চা রেখে নিজের স্ত্রীকে পৃথিবীতে কেউ হত্যা করতে পারে না। বাবুলের তো প্রশ্নই আসে না। স্ত্রীহারা বাবুলকে এখন বাচ্চা দুটি নিয়ে কী কষ্ট করতে হচ্ছে।’