সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় তাঁর (বাবুল) শ্বশুরের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী সপ্তাহে। পাশাপাশি এ মামলার নথিতে থাকা আসামি, সাক্ষীর জবানবন্দিসহ যাবতীয় তথ্য বাবুলের করা মামলায় যুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে। এ–সংক্রান্ত দুটি মামলা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) বনজ কুমার মজুমদার আজ সোমবার প্রথম আলোকে বলেন, একই ঘটনায় দুটি মামলা চলতে পারে না। আদালতের নির্দেশনা অনুযায়ী বাবুলের শ্বশুর মোশাররফ হোসেনের করা মামলায় আগামী সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আদালতে। একই সঙ্গে এ মামলার নথিতে থাকা আসামি, সাক্ষীর জবানবন্দিসহ যাবতীয় তথ্য বাবুলের করা মামলায় যুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে। আদালত এটি মঞ্জুর করলে মামলার কোনো অসুবিধা হবে না। বাবুলের করা মামলাটিতে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হবে।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ নিয়ে সে সময় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এ ঘটনায় বাবুল জঙ্গিরা জড়িত দাবি করে একটি হত্যা মামলা করেন। পরে হত্যায় বাবুল জড়িত বলে সন্দেহ তৈরি হলে মাহমুদার বাবা মোশাররফ হোসেন আরেকটি হত্যা মামলা করেন। মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় গত ১২ মে বাবুলকে গ্রেপ্তার দেখায়। পরে নিজের করা মামলায়ও চলতি মাসের ৯ তারিখ বাবুলকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতের নির্দেশে বর্তমানে বাবুলের করা মামলাটির অধিকতর তদন্ত চলছে। গত বছরের ১২ মে বাবুলের করা মামলায় পিবিআই কেন চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে পিবিআই প্রধান বলেন, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এটি হয়েছে। গত বছরের ৩ নভেম্বর আদালত এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পর্যবেক্ষণে আদালত দুটি মামলা একসঙ্গে চলতে পারে না বলে আদেশ দেন। আদালত এটিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করেন। তবে বাবুলের করা মামলাটিতে মামলার গুরুত্বপূর্ণ আলামত জব্দ, আসামি–সাক্ষীর জবানবন্দিসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাবুলের করা মামলাটির তদন্ত চলবে।
বাবুলের শ্বশুরের করা দ্বিতীয় মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলে ট্রায়ালে (বিচারে) আসামি সুবিধা নিতে পারেন বলে জানান চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, বাবুল ও তাঁর শ্বশুরের করা দুটি মামলা যেহেতু একই সংস্থার কর্মকর্তা তদন্ত করছেন, তাই দুটিকে একীভূত করে তদন্ত করতে পারেন। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে একটি প্রতিবেদন দিতে পারেন।
তবে সাবেক চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি কফিল উদ্দিনের মত, শ্বশুরের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বাবুলের মামলায় অভিযোগপত্র দিতে পারবে। এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ট্রায়ালে (বিচারে) আসামি কিছু সুবিধা নিতে পারেন।
মামলার প্রেক্ষাপট
মাহমুদা হত্যার পরদিন ২০১৬ সালের ৬ জুন তাঁর স্বামী বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়।
বাবুলের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন তাঁর (বাবুল) আইনজীবী। আবেদনে বলা হয়, বাবুলকে আসামি করতে বানোয়াট চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অথচ এ মামলায় পুলিশ ৫১ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নিয়েছে ১৬১ ধারায়। সেখানে একজনও বাবুলের সম্পৃক্ততার কথা বলেননি। দুই সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে বাবুলকে আসামি করা হয়েছে। কাদের বাঁচানোর জন্য এ চূড়ান্ত প্রতিবেদন, সেটা দেখতে হবে। বাবুল আক্তার মহলবিশেষের ষড়যন্ত্রের শিকার। এর আগে তিনি সোনা চোরাকারবারি ও কালোবাজারিদের ধরেছেন। জঙ্গিবাদ প্রতিরোধ করেছেন। গত বছরের ৩ নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
আদালতের পর্যবেক্ষণ
আদেশে বিচারক উল্লেখ করেন, এ মামলায় (বাবুলের করা মামলা) একটি সফল তদন্ত হয়েছে, যার মাধ্যমে খুনের মোটিভ ও আসামি শনাক্ত হয়েছে। তদন্তে দুজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দুই সাক্ষীর ১৬৪ ধারার জবানবন্দি, সিসিটিভি ফুটেজ, কার্তুজসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ হয়েছে। একটি সফল তদন্তের পরিসমাপ্তি কেবল টেকনিক্যাল একটি তুচ্ছ কারণে ব্যর্থ করে দেওয়া উচিত হবে না, বরং এ মামলায় অধিকতর তদন্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করলে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং পরবর্তী আইনগত জটিলতা এড়ানো সম্ভব হবে। ফৌজদারি কার্যবিধি আইন, ১৮৯৮-এর ১৫৪, ১৫৬ ও ১৯০ ধারার বিধান পর্যালোচনার বিষয় উল্লেখ করে এতে বলা হয়েছে, ‘এটিই আইনের সুপ্রতিষ্ঠিত নীতি যে একটি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে একটিমাত্র প্রাথমিক তথ্য বিবরণী দায়ের হওয়া উচিত । এজাহারকারী বা বাদী তদন্তে আসামি হিসেবে শনাক্ত হলেও তাতে মামলায় গুরুত্বপূর্ণ কোনো প্রভাব পড়বে না এবং সাক্ষ্য আইন ১৮৭২-এর ২১ ধারার বিধান অনুযায়ী ওই এজাহার এজাহারকারীর বিরুদ্ধে বিচারের সময় প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে ।’
একই ঘটনায় দুটি মামলা হওয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে বলে মনে করেন বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, ট্রায়ালে (বিচার) ত্রুটিগুলো আদালতে তুলে ধরা হবে।
বাবুলের বিরুদ্ধে নিজের (শ্বশুর) করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলে নারাজি দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘মামলা একটি কি দুটি বিষয় নয়, তদন্ত দ্রুত শেষ করে যাতে মেয়ে হত্যার বিচার পায়, সেই অপেক্ষায় আছি।’