বাম আদর্শে অবিচল থেকে কমিউনিস্টদের ঐক্য গড়ে তুলতে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মাঠপর্যায়ের নেতারা।গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান। দলীয় সূত্র জানায়, সারা দেশ থেকে নির্বাচিত ৩০০ প্রতিনিধি ও ১০০ পর্যবেক্ষক সম্মেলনে যোগ দেন। সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদনের ওপর যশোরের বৈদ্যনাথ বিশ্বাস, খুলনার মোজাম্মেল হক, রাজশাহীর রমজান আলী, চট্টগ্রামের শরীফ চৌহান, সিলেটের পদ্ম চৌধুরী, রংপুরের অশোক সরকার, বরিশালের ইসহাক শরীফ প্রমুখ বক্তব্য দেন।বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।আজ রোববার সম্মেলনের শেষ দিনে পার্টির রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। উদ্বোধনী বক্তৃতায় রাশেদ খান মেনন বর্তমান বিশ্ব ও দেশের বাস্তবতার নিরিখে নীতি ও সঠিক কৌশলের ভিত্তিতে কমিউনিস্ট ঐক্য এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সাংগঠনিক অধিবেশনে সভাপতিমণ্ডলীর দায়িত্ব পালন করেন রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা প্রমুখ।