বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার ডাক সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শুক্রবার বিকেলে শুরু হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনের একাদশ কংগ্রেস। মঞ্চে সিপিবির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা l প্রথম আলো
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শুক্রবার বিকেলে শুরু হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনের একাদশ কংগ্রেস। মঞ্চে সিপিবির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা l প্রথম আলো

দলের একাদশ কংগ্রেসের উদ্বোধনী সমাবেশে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলে ক্ষমতায় যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে দলটি দেশের রাজনীতি থেকে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাট ও গণতন্ত্রহীনতা রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির চার দিনব্যাপী একাদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নেতারা এ আহ্বান জানান।
বেলা তিনটার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলটির কংগ্রেস শুরু হয়। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার নেতা-কর্মী লাল পতাকা এবং লাল ক্যাপ মাথায় দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির কংগ্রেসস্থলে উপস্থিত হন। কংগ্রেস শুরুর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামলেও কর্মীরা দাঁড়িয়ে থেকে নেতাদের বক্তব্য শোনেন। দলটির কংগ্রেসে ১২টি দেশের প্রায় ২৬ জন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ছাড়া সিপিবির কংগ্রেসে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলের পাঠানো বাণী পড়ে শোনানো হয়।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আজকে মানুষের জীবনে এক ভয়াবহ পরিণতি চেপে বসেছে। এর থেকে মুক্তি পেতে হলে মন্দের ভালো খুঁজে লাভ হবে না। বুর্জোয়া শাসনের অবসান করতে হলে এই দুই বুর্জোয়া দলের (আওয়ামী লীগ-বিএনপি) বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির ঐক্যের সরকার কায়েম করতে হবে।’
সেলিম বলেন, দেশের মানুষের ভাগ্য বদলাতে কেবল গদি নয়, গণবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক নীতিও বদলাতে হবে। এ দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। তরুণ প্রজন্ম বিপুল গণজাগরণ তৈরি করে তা বুঝিয়ে দিয়েছে। তাই এমন রাজনৈতিক পরিমণ্ডল নির্মাণ করতে হবে, যেখানে সরকারি দল ও বিরোধী দল—উভয়ই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হবে।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘আমাদের সরকার ভারতের স্বার্থের কাছে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এমনকি দুই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিলে রামপাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের যে প্রচেষ্টা চালাচ্ছে, তাতে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমরা সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবই করব।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, প্রবীণ বাম নেতা জসীমউদ্দীন মণ্ডল, সহিদুল্লাহ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী সমাবেশ শেষে মিছিল বের করে দলটি। শিখা চিরন্তনের ফটক দিয়ে বের হয়ে শাহবাগ-টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে দলের নেতা-কর্মীরা অংশ নেন।
আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে দলটির কাউন্সিল অধিবেশন চলবে। অধিবেশনের পর প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।