বাম গণতান্ত্রিক শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ার আহ্বান
সংসদ বহাল রেখে নির্বাচন হলে মাঠপর্যায়ে সবার জন্য সমান সুযোগ থাকবে না; বরং এতে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হবে। গতকাল সোমবার কেন্দ্রীয় গণতান্ত্রিক বাম মোর্চার সভায় গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয়েছে। সভায় বাম গণতান্ত্রিক শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
তোপখানা রোডে বাম মোর্চার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মোর্চার কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, শুভ্রাংসু চক্রবর্তী, মোশরেফা মিশু, অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ।
সভায় বক্তারা কালোটাকা, পেশিশক্তি, ধর্মের অপব্যবহার ও প্রশাসনিক প্রভাবমুক্ত গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। সভায় সরকারকে সতর্ক করে বলা হয়, দেশের জনগণের মতামত উপেক্ষা করে রামপালে সুন্দরবন ধ্বংসকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে জনগণ কোনোভাবেই মেনে নেবে না। প্রস্তাবে সরকারকে অবিলম্বে এই প্রকল্পের যাবতীয় কাজ বন্ধ করার আহ্বান জানানো হয়।
সভায় বিভাগীয় পর্যায়ে বাম মোর্চার জনসভার তারিখ নতুন করে নির্ধারণ করা হয়। ২১, ২২, ২৬, ২৭, ২৯ ও ৩১ অক্টোবর এবং ২, ৪ ও ৫ নভেম্বর যথাক্রমে বাগেরহাট, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রাজশাহী ও রংপুরে জনসভা অনুষ্ঠিত হবে।