
গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ সময় কাঁদানে গ্যাসের শেল, জলকামানের পানি ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। আন্দোলনকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করেছেন পুলিশের দিকে।
গতকাল বুধবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো। বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় ১৫ এপ্রিল ঢাকায় গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা-কর্মীরা প্রেসক্লাবের মূল ফটকের পাশে সমাবেশ করেন। একই দাবিতে পাশেই সমাবেশ করেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতা-কর্মীরা।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, কিছু মানুষের পকেট ভারী করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন থেকে শুরু করে পণ্যদ্রব্যসহ সবকিছুর দাম বাড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, গ্যাসের সব কোম্পানি লাভজনক হওয়ার পরও সরকার দেশি-বিদেশি একটি লুটেরা গোষ্ঠীর পক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এটা পুলিশের চরম বাড়াবাড়ি।
সিপিবি-বাসদ জোট ও গণতান্ত্রিক বাম মোর্চা পৃথক সমাবেশ করলেও বেলা ১১টা ৫৫ মিনিটে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা একত্রে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সংলগ্ন এলাকা ঘুরে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে সচিবালয়ের দিকে যাওয়ার জন্য লিংক রোডের দিকে এগোয়। ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে সেখানে আগে থেকে রাখা জলকামানের গাড়ি আন্দোলনকারীদের লক্ষ্য করে পানি ছোড়ে। আন্দোলনকারীরা জলকামানের গাড়ি ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
দুপুর ১২টা ১০ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে। পুলিশের একটি সাঁজোয়া যান গুলি ছুড়তে ছুড়তে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যায়। এ সময় কয়েকজন নেতা-কর্মীকে রাস্তায় ফেলে লাঠিপেটা করতে ও লাথি দিতে দেখা যায়।
পুলিশি হামলার প্রতিবাদে পরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বাম দলগুলোর নেতা-কর্মীরা। এ সময় সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাঁদের শাস্তি দেওয়ার দাবি জানান।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার নাবিদ কামালের ভাষ্য, কর্মসূচিটি প্রথমে শান্তিপূর্ণ ছিল। পুলিশ ব্যারিকেড দিলে আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেন। ফাঁকা গুলির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘গুলি ছোড়া হয়নি।’