বাম বিকল্প গড়ার দাবিতে সমাবেশ বাম মোর্চার
জোট-মহাজোটের রাজনীতির বিপরীতে বাম বিকল্প গড়ে তোলার দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে বাম মোর্চার নেতারা আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিকে দ্বিদলীয় ও বুর্জোয়া সংঘাত-সংঘর্ষের রাজনীতি বলে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের মতো বর্তমান সরকারের কাছেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, দেশের সম্পদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা কোনো কিছুই নিরাপদ নয়। বাম মোর্চার নেতারা বলেন, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভয়াবহ ঊর্ধ্বগতিতে মানুষ নাকাল অবস্থার মধ্যে আছে। এর মধ্যে দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছে। বক্তারা বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দ্বিদলীয় রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে আগামী নির্বাচন সামনে রেখে দেশ সংঘাত-সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই বাম প্রগতিশীল ব্যক্তিদের নেতৃত্বে জনগণের নিজস্ব বিকল্প রাজনৈতিক শক্তি নির্মাণ করতে হবে। সমাবেশে বাম মোর্চার নেতা সাইফুল হক, জাহেদুল হক, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, বদরুল আলম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।