বাম মোর্চার ‘বিদ্যুৎ ভবন’ ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চার ‘বিদ্যুৎ ভবন’ ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিপেটায় ১৪ নেতা-কর্মী আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর দৈনিক বাংলার মোড়ে এ ঘটনা ঘটে। বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও এই খাতে লুটপাটের প্রতিবাদে ঘেরাও কর্মসূচি দেয় বাম মোর্চা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাম মোর্চার নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে মতিঝিলে বিদ্যুৎ ভবনের দিকে রওনা হন। পৌনে একটার দিকে মিছিলটি পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলার মোড় পার হলে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা বেষ্টনী ভেঙে সামনে যেতে চাইলে কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। তখন রাস্তায় বসে পড়েন নেতা-কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।বাম মোর্চার দাবি, পুলিশের হামলায় মোর্চার শরিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা বহ্নিশিখা জামালী, কর্মী আকরাম হোসেন, পাভেল রহমান ও রাশেদুল ইসলাম; গণসংহতি আন্দোলনের নওশাদ ঢালী, শাহ আলম, সৈকত মল্লিক, ফাহমিদা মলি ও আরিফা সুলতানা; গণতান্ত্রিক বিপ্লবী পার্টির খালেদা ও আকলিমা; কমিউনিস্ট লীগের মনিরুজ্জামান মুনির ও শাওন এবং ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) অনুপ কুণ্ডু আহত হন।সমাবেশে বাম মোর্চার নেতারা অভিযোগ করেন, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে সরকার বিভিন্ন কোম্পানির জন্য সুবিধা তৈরি করছে। বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত মেনে নেবে না জনগণ। বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাইফুল হক, মোশরেফা মিশু, মোশারফ হোসেন, আবদুস সাত্তার প্রমুখ।