বামনডাঙ্গায় মাদকের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা বন্দরে অবাধে মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী প্রতিনিধিদের মাধ্যমে ফেনসিডিল, গাঁজা, মদসহ নানা ধরনের মাদক প্রকাশ্যে বিক্রি করছে।সম্প্রতি সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাম মিয়া ও নিশি রায় বামনডাঙ্গা পুলিশি তদন্তকেন্দ্রের অদূরে পাইটকাপাড়া এলাকার তাঁদের নিজ বাড়ি থেকে মাদক ব্যবসা চালাচ্ছেন। এ ছাড়া তাঁরা প্রতিনিধির মাধ্যমে বামনডাঙ্গা বাজার, চৌমাথা, কুটিপাড়া, শিববাড়ি, সিনেমাহল মোড়, রেলস্টেশন, ব্রিজ মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করছেন।বামনডাঙ্গা বন্দরের সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান বলেন, প্রতিদিন দুই মাদক ব্যবসায়ীর আস্তানায় অসংখ্য মাদকসেবীর সমাগম ঘটছে। সেখান থেকে তারা পুলিশের সামনে দিয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেল-যোগে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। বিষয়টি তদন্তকেন্দ্রের পুলিশ কর্মকর্তারা জানেন। কিন্তু তাঁরা মাসোয়ারা নিয়ে দেখেও না দেখার ভান করেন। বামনডাঙ্গা বাজার ও রেলস্টেশনে ফেরি করে ফেনসিডিলের বোতল বিক্রি করা হচ্ছে।বামনডাঙ্গা বাজারের ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, বন্দরে ফেনসিডিলের ছড়াছড়ি বেশি। মাদক সেবন করে মাদকাসক্ত ব্যক্তিরা পাড়া-মহল্লার বিভিন্ন গলিতে ফেনসিডিলের খালি বোতল ফেলে রাখছে।বামনডাঙ্গা মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটির সভাপতি শেখ শাহিন বলেন, মাদক বিক্রি বন্ধ এবং ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হচ্ছে। বিষয়টি পুলিশ সুপার ও সুন্দরগঞ্জ থানাকেও জানানো হয়েছে। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাবেশ করে মাদক ব্যবসায়ীদের এ ব্যবসা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া কেউ মাদক ব্যবসা বন্ধ করলে তাকে ইউনিয়ন পরিষদ থেকে পাঁচ বছর পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।বামনডাঙ্গা পুলিশি তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত দুই মাদক ব্যবসায়ীর সর্বত্র নেটওয়ার্ক রয়েছে। গ্রেপ্তারের আগেই তাঁরা খবর পেয়ে যান। তবে ২১ ডিসেম্বর র‌্যাব চার বোতল ফেনসিডিলসহ সালাম মিয়াকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি কারাগারে আছেন। অন্যজনকে ধরতে এবং মাদক ব্যবসা বন্ধ করতে পুলিশ তৎপর রয়েছে। এ কারণে বর্তমানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে না।