বামনা উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণ প্রকল্পের ছয় কোটি টাকার কাজের দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সর্বনিম্ন দরদাতাকে অযোগ্য প্রমাণের জন্য দরপত্র ফরমের পৃষ্ঠা ছিঁড়ে ফেলা ও পূর্ব অভিজ্ঞতার সনদ সরিয়ে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বামনা উপজেলা প্রকৌশলী সাবের আলী গত শুক্রবার প্রথম আলোকে বলেন, বিষয়টি হয়তো অসাবধানতাবশত হয়েছে। পেশাগত ক্ষেত্রে এটা গুরুতর অসদাচরণ কি না—প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। পরে তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আপনার সঙ্গে এ নিয়ে রাতে কথা বলব।’উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণ কাজের জন্য ৩ মে দরপত্র জমা নেওয়া হয়। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। মেসার্স রফিক কনস্ট্রাকশন সর্বনিম্ন দরদাতা বিবেচিত হয়। উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে অংশগ্রহণকারী দরপত্রগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে তা ঢাকায় প্রকল্প পরিচালকের (পিডি) কাছে চূড়ান্ত যাচাই-বাছাই ও অনুমোদনের জন্য পাঠানো হয়। যোগাযোগ করা হলে প্রকল্প পরিচালক (পিডি) আওলাদ হোসেন গত শনিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি গুরুতর, এটা সত্য। নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’