বামনায় ইউএনওসহ ১৮ জন কর্মকর্তার পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভূমি) গুরুত্বপূর্ণ ১৮ জন কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসনিক কর্মকাণ্ডে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। শূন্য এসব পদে কাজ চালাচ্ছেন ভারপ্রাপ্ত অথবা অফিস সহকারীরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও লাল হোসেন চলতি বছরের ২৪ আগস্ট বদলি হওয়ার পর মো. নূরুজ্জামান ওই পদে যোগ দেন। কিন্তু যোগদানের কয়েক দিন পরই তিনি সরকারি প্রশিক্ষণে বিদেশে যান। এরপর গত ২৭ সেপ্টেম্বর তিনি কাজে পুনরায় যোগ দেওয়ার তিন দিন পরই তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে পদটি শূন্য। সহকারী কমিশনারের (ভূমি) পদটি ছয় বছর ধরে শূন্য। ফলে ভূমিসংক্রান্ত কাজে উপজেলার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) পদ শূন্য থাকায় বর্তমানে এই দপ্তরে জমির অসংখ্য নামজারির আবেদন আটকে আছে। উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা জানান, সহকারী কমিশনারের (ভূমি) পদটি ছয় বছর ধরে শূন্য থাকায় এত দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। কিন্তু দুই মাস ধরে ইউএনওর পদটিও শূন্য থাকায় এখন ভূমিসংক্রান্ত কাজকর্ম থমকে আছে। তাঁরা জানান, মিস কেসসহ অর্পিত সম্পত্তির লিজ নবায়নে বর্তমানে লোকজনকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া খাসজমির বন্দোবস্ত, অবৈধ দখলদারদের কাছ থেকে খাসজমি উদ্ধার এবং খাজনা আদায়ে সার্টিফিকেট মামলা দায়েরের ব্যাপারে দীর্ঘসূত্রতা হচ্ছে; বিশেষ করে জমির সইমোহর পরচা পেতে জনসাধারণকে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। ফলে জরুরি প্রয়োজনে জমি বিক্রি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি উপজেলা সাব-রেজিস্ট্রারের পদও দেড় বছর ধরে শূন্য। ফলে ভূমি নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তার পদ এক বছর ধরে শূন্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ পাঁচ বছর ও প্রাণিসম্পদ কর্মকর্তার পদ ছয় বছর ধরে শূন্য। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, বন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার পদ এক বছরেরও বেশি সময় ধরে শূন্য। এসব গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যক্রম চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। এমনকি কোনো কোনো দপ্তরে ভারপ্রাপ্ত হিসেবে কেউ দায়িত্বে না থাকায় ওই সব দপ্তরে অফিস সহকারীরাই কার্যক্রম চালাচ্ছেন।উপজেলা প্রশাসনের ২৫ কর্মকর্তার ১৮ জনের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় একদিকে যেমন এই উপজেলার উন্নয়ন ব্যাহত হচ্ছে, তেমনি জনসাধারণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান বলেন, উপজেলা প্রশাসনে অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজে নানা সমস্যা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরগুনার জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, বামনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ শূন্য। এখানে কর্মকর্তা নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এক মাসের মধ্যে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদানের ব্যাপারে চেষ্টা চলছে।