বামনায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার সদ্য বিদায়ী ইউএনও গত সোমবার রাতে বামনা থানায় মামলাটি করেন।
মামলায় বামনার ডৌয়াতলা ইউপির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক খানসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, এডিবির অর্থায়নে ডৌয়াতলা বাজারে ইউনিয়ন ভূমি কার্যালয়ের পুকুরে একটি ঘাটলা নির্মাণের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউএনও মনির হোসেন হাওলাদার পুকুরের উত্তর পাড়ে ঘাটলাটি নির্মাণের জন্য নির্দেশ দেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধান ও ডৌয়াতলা ইউপির চেয়ারম্যান ওই নির্দেশ অমান্য করে গত ৩০ ডিসেম্বর রাতে পুকুরের পশ্চিম পাড়ে ঘাটলা নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে ইউএনও রাত আটটার দিকে ঘটনাস্থলে যান এবং ঘাটলা নির্মাণের কাজ বন্ধ করে দেন। এ নিয়ে ইউপি চেয়ারম্যান ও ইউএনওর মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে চেয়ারম্যানের সমর্থকেরা ইউএনওর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও তাঁকে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অভিযোগ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘ভূমি কার্যালয়ের পুকুরের যে স্থানে একটি পুরোনো ঘাটলা ছিল, সেই স্থানেই স্কুল-কলেজের শিক্ষার্থী, মুসল্লি ও বাজারের লোকজনের সুবিধার্থে ঘাটলা নির্মাণ করতে গেলে ইউএনও সাহেব তাতে বাধা দেন। আমি এরপর কাজ বন্ধ করে দিই। কিন্তু আমি অথবা মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা কেউ গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করেনি।’
অপর অভিযুক্ত নুরুল হক খান বলেন, ‘ইউএনও সাহেব আমাদের বিদ্যালয়ের জমি এলাকার বেশ কয়েক ব্যক্তির নামে অস্থায়ী বন্দোবস্ত (ডিসিআর) দিয়ে ঘর উঠানোর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেন। আমি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এর প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করি। এ জন্য আমরা ঘটনাস্থলে না থাকলেও তিনি (ইউএনও) আমাকেসহ আমার বিদ্যালয়ের শিক্ষক এবং আমার আত্মীয়স্বজনদের ওই মামলায় আসামি করেছেন।’
বামনার সদ্য বিদায়ী ইউএনও মনির হোসেন হাওলাদার বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও মামলার আসামিদের নেতৃত্বে আমাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং আসামিরা সরকারি কাজে বাধা দেয়।’
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা দায়েরের কথা স্বীকার করে গতকাল বুধবার বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
প্রসঙ্গত, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদার ২ জানুয়ারি বামনা থেকে বদলি হয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।