বামনায় কয়েকজন শিক্ষককে মারধরের অভিযোগ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মনোনয়নকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে কয়েকজন শিক্ষককে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, শনিবার বিকেলে কমিটির সভাপতি স্থানীয় সাংসদ গোলাম সবুর তাঁর অনুগত বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সামিউল আলমকে শিক্ষানুরাগী সদস্য মনোনীত করার প্রস্তাব দেন। এতে দাতা সদস্য আফজাল হোসেন মল্লিকসহ কয়েকজন আপত্তি দেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন জমাদ্দার ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে ৩০-৩৫ জন নেতা-কর্মী হামলা চালান। তাঁরা শিক্ষক কামাল তালুকদারকে চড় ও ঘুষি মারেন এবং আরো কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। পরে সাংসদ বিদ্যালয়ে আসেন এবং শিক্ষানুরাগী সদস্য মনোনয়ন দিয়ে স্থান ত্যাগ করেন।বামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার বলেন, ‘আমরা কোনো শিক্ষককে মারধর করিনি। যদি কেউ বলে থাকে, সেটা সম্পূর্ণ অসত্য।’ ইউপি সদস্য সামিউল আলমের মন্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। সাংসদ গোলাম সবুর শনিবার রাতে বলেন, ‘সেখানে উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমঝোতার মাধ্যমে শিক্ষানুরাগী সদস্য হিসেবে সামিউল আলমকে নিয়ে নিয়েছি।’