বরগুনার বামনা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে তৃতীয় দফায় গঠিত কমিটির বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। এ কমিটির সভাপতির অপসারণ দাবি করে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও দেন মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধারা বলেন, গত ১৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এ বি এম সুলতান আহম্মেদকে সভাপতি করে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই কমিটির সাত সদস্যের চারজনই কমিটি প্রত্যাখ্যান করেন। এরপর কমিটি বাতিল করা হয়।
২৩ জানুয়ারি সুলতান আহম্মেদকে আবারও সভাপতি করে আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে একজন মৃত ব্যক্তিকে সদস্য করা হয়। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ কমিটিও পরে বাতিল করা হয়। এরপর ৯ ফেব্রুয়ারি বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রশিদ মিয়াকে সভাপতি করে তৃতীয় দফার কমিটি করা হয়। এ কমিটি নিয়েও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের দাবি, মুক্তিযুদ্ধ চলাকালে বামনা উপজেলার বুকাবুনিয়া এলাকায় ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টরের সদর দপ্তর ছিল। তাই ওই সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন এমন একজনকে কমিটির সভাপতি করা হোক।
এদিকে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভের মধ্যেই গতকাল সকাল ১০টার দিকে নতুন কমিটির সভাপতিসহ ছয় সদস্য বামনা উপজেলা পরিষদে প্রথম সভা করেন। সভাপতি ও সদস্যরা ইউএনওর কার্যালয়ে প্রবেশের সময় মুক্তিযোদ্ধারা তাঁদের পথরোধ করে বিক্ষোভ দেখান। পরে কমিটির সভাপতিকে অপসারণের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেন। ইউএনওর কাছে নতুন মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের পক্ষে অমল চন্দ্র মিস্ত্রী ও কিরণ ব্যাপারী এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার পৃথক স্মারকলিপি দেন।
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হাওলাদার বলেন, ‘নতুন কমিটির সভাপতি বরগুনার স্থায়ী বাসিন্দা। তিনি কীভাবে উপজেলার মুক্তিযোদ্ধাদের শনাক্ত করবেন। তা ছাড়া তাঁর (আবদুর রশিদ) বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির নানা অভিযোগ আছে। বারবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এ রকম দুর্নীতিবাজদের বামনা উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি করে পাঠায়। আমরা চাই, স্থানীয় কোনো মুক্তিযোদ্ধাকে কমিটির সভাপতি করা হোক।’
সভা শেষে নবনিযুক্ত সভাপতি আবদুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘আমাকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নিয়োগ দিয়েছে। এ নিয়ে কারও কোনো বক্তব্য থাকলে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কাছে উপস্থাপন করতে পারেন।’
ইউএনও মো. জাকির হোসেন বলেন, ‘আমরা গতকাল আবদুর রশিদ মিয়ার সভাপতিত্বে প্রথম সভা করেছি। সভায় সিদ্ধান্ত হয়েছে, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি নতুন আবেদনকারী মুক্তিযোদ্ধাদের বাছাই করা হবে। ২৫ ফেব্রুয়ারি গেজেটভুক্ত ও অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের বাছাই করা হবে।’ তিনি বলেন, ‘কমিটি বাতিলের জন্য মুক্তিযোদ্ধাদের দুটি স্মারকলিপি পেয়েছি। এসব স্মারকলিপি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব।’