বামনায় নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি
বরগুনার বামনা উপজেলার বামনা-বরিশাল সড়কের চালিতাবুনিয়া-আমুয়া ফেরিঘাটে এক বছর ধরে পড়ে থাকা কোটি টাকার দুটি ফেরি নষ্ট হয়ে যাচ্ছে। কয়েক বছর সংস্কার না করায় এগুলো দিয়ে যানবাহন পারাপার করা যাচ্ছে না। এতে এ সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বরগুনা অংশের চালিতাবুনিয়া ফেরিঘাটের অদূরে নদীর চরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দুটি ফেরি। এগুলো জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এ কারণে পলি জমে ফেরি দুটি মরিচা পড়ে ক্ষয় হচ্ছে। এ ফেরিঘাটে ভাঙাচোরা আধা সচল অন্য একটি ফেরি দিয়ে গুরুত্বপূর্ণ এই যানবাহন পারাপারের কাজ চলছে দীর্ঘদিন। জোড়াতালি দেওয়া প্রায় অকেজো এ ফেরিও যান্ত্রিক ক্রটির কারণে মাঝেমধ্যে অচল হয়ে পড়ে। তখন ঘণ্টার পর ঘণ্টা যাত্রী ও যানবাহন আটকা পড়ে থাকে।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) ২০০০ সালে এ পথে ইউটিলিটি-১ নামে একটি ফেরি দেয়। এর দাম ৭০ লাখ টাকা। এটি দিয়ে ১২টি গাড়ি পারাপার করা যায়। ২০০২ সালে আবারও এখানে একটি ইউটিলিটি (উপজেলা) নামের আরেকটি ফেরি দেয়। এটি দিয়ে চারটি যানবাহন পারাপার করা যায়। এ পথ দিয়ে প্রতিদিন ঢাকার ১০টি, চট্টগ্রামের ছয়টি, রাজশাহীর দুটি, আন্তজেলার অর্ধশতাধিক বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করে।স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরি দুটি গত বছরের মে মাসের শেষ দিকে অচল হয়ে যায়। এরপর এগুলো পাশের চরে ফেলে রাখা হয়। কর্তৃপক্ষ যানবাহন পারাপারে জন্য অন্য জায়গা থেকে ভাঙাচোরা একটি ফেরি এখানে নিয়ে আসেন। সাময়িক পারাপারের কাজ অব্যাহত রাখে কর্তৃপক্ষ। কিন্তু এক বছরের বেশি সময় পড়ে থাকার পরেও এটি সংস্কার করা হয়নি। ফেরির কয়েকজন কর্মচারী বলেন, ‘বর্তমানে যে ফেরিটি এখানে পারাপারের জন্য রাখা হয়েছে, তা চলাচলের অযোগ্য; তবুও আমরা চরম ভোগান্তির মধ্যে ফেরিটি অনেক কষ্টে সচল রেখে যানবাহন ও যাত্রীদের পারাপারের কাজ চালাচ্ছি।’ বামনা ডিগ্রি কলেজের প্রভাষক হাবিবুর রহমান বলেন, এখানে দুটি ভালো ফেরি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করছে। সওজের ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহিন সরদার বলেন, ‘ফেরি দুটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। আমরা ফেরি বিভাগকে ফেরি দুটি সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়ে অনুরোধ করেছি। আশা করি, দ্রুত তা সরিয়ে নেওয়া হবে।’