বামনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাচাই-বাছাই কমিটির চারজন সদস্য সভা বর্জন করায় বরগুনার বামনা উপজেলায় গতকাল শনিবার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত হয়ে গেছে।
ওই চার সদস্য হলেন মো. সফিকুর রহমান, মোস্তফা কামাল, দুলাল সোহরাফ ও আবদুস সোবহান। বামনা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যের কমিটি করা হয়।
বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বামনা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে দেয়। এতে একজন সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে সদস্যসচিব এবং পাঁচজন সদস্য মনোনীত করা হয়। সভা বর্জন করা ওই চার সদস্য শুক্রবার সন্ধ্যায় বামনার ডৌয়াতলা ফারিয়া লারা ফাউন্ডেশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে গতকালের (শনিবার) সভা বর্জনের ঘোষণা দেন। তাঁরা ওই সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তোলেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য মো. সফিকুর রহমান।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি এ বি এম সুলতান আহমেদ এবং সদস্য সুবেদার (অব.) তোফায়েল আহাম্মেদ ৯ নম্বর সাব-সেক্টরের হেড কোয়ার্টার বামনা উপজেলায় মুক্তিযুদ্ধের সময় ছিলেন না। এ জন্য তাঁরা এই এলাকার মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অবগতও নন এবং ওই দুজন কোথায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তা এই এলাকার মুক্তিযোদ্ধারাও জানেন না।
এ ছাড়া এ বি এম সুলতান আহমেদ সিদ্ধান্ত ছাড়াই তাঁর লোকজন দিয়ে যাচাই-বাছাইয়ের আবেদন ফরম জমা নিচ্ছেন এবং মুক্তিযোদ্ধা বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। তাঁরা এই কমিটি বাতিল করে পুনরায় স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে নতুন কমিটি করার দাবি জানান এবং ওই কমিটিতে এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানকে অন্তর্ভুক্ত করারও দাবি জানান।
অভিযোগের বিষয়ে এ বি এম সুলতান আহমদ বলেন, ‘আমি সভাপতি থাকলে তাঁদের স্বার্থ ক্ষুণ্ন হবে, তাই তাঁরা আমাকে নিয়ে মিথ্যাচার চালাচ্ছেন। তাঁরা জটিলতা সৃষ্টি করায় সভা স্থগিত করা হয়েছে।’
কমিটির সদস্যসচিব ও বামনার ইউএনও মো. জাকির হোসেন বলেন, যাচাই-বাছাই সভায় চারজন সদস্য অংশগ্রহণ করেননি। ফলে সভা কোরাম সংকটে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের একটি সূত্র জানায়, বামনা উপজেলায় এবার যাচাই-বাছাইয়ের জন্য ৩৬৭ জন মুক্তিযোদ্ধা আবেদন করেছেন।