বামনায় সাংসদ-সমর্থকদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার হোগলপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-২ আসনের সাংসদের সমর্থকদের হাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযোগ করেন। গত বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।
নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বুধবার ভোট গ্রহণ শুরু হলে সাংসদ শওকত হাচানুর রহমানের লেখা একটি চিঠি প্রিসাইডিং কর্মকর্তার কাছে দেন সভাপতি পদপ্রার্থী আক্তারুজ্জামান ওরফে সুমন। চিঠিতে সাংসদ ওই কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মুন্নি কবির নামে একজনকে ভোটার করার অনুরোধ করেন। এই চিঠি দেওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
প্রধান শিক্ষক অভিযোগ করেন, ভোট গ্রহণ স্থগিত করার পর তিনি ভোট গ্রহণের ব্যালট গোছাতে গেলে সাংসদের সমর্থক প্রার্থীরা তাঁকে চড়-থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। স্থানীয় বেশ কয়েক ব্যক্তি জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে গোলাম আজম জমাদ্দার ও আক্তারুজ্জামান নামে দুই ব্যক্তি দুটি প্যানেল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। এর মধ্যে গোলাম আজম জমাদ্দার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধার শ্যালক ও সমর্থনপুষ্ট এবং আক্তারুজ্জামান স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমানের সমর্থনপুষ্ট।
সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন, সাংসদের সুপারিশ করা ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় শিক্ষককে লাঞ্ছিত করেন সাংসদের সমর্থকেরা।
তবে সাংসদ-সমর্থক সভাপতি পদপ্রার্থী আক্তারুজ্জামান প্রধান শিক্ষককে মারধর করার বিষয়টি অস্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত ২৭ জুলাই ছাত্র অভিভাবক কমিটির নির্বাচন হয়। তাতে আমার সমর্থক চারজন সদস্য পদপ্রার্থী জয়ী হন। বুধবার সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনের দিন সাংসদের কোটায় বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মুন্নি কবিরকে ভোটার করার সুপারিশ করে একটি চিঠি দেন সাংসদ। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর সমর্থকেরা প্রধান শিক্ষকের ইন্ধনে এতে আপত্তি দেন। পরে ভোট গ্রহণের প্রক্রিয়া স্থগিত হয়ে গেলে আমরা প্রধান শিক্ষককে এতে দোষারোপ করি। কিন্তু তাঁকে লাঞ্ছিত করার ঘটনা সর্বৈব মিথ্যা। এটা একটা রাজনৈতিক চাল।’
এ বিষয়ে জানার জন্য গতকাল বিকেলে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমানের সঙ্গে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।