বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরগুনার বামনা উপজেলার মালবাহী ট্রলির পেছনের অংশ ছিঁড়ে গিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে আমুয়া-কাকচিঁড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী কাকচিঁড়া গ্রামের সৈয়দ আলী খান (৫০) ও মোস্তফা মৃধা (৫২)।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা এলাকায় আমুয়া-কাকচিঁড়া সড়কে কাকচিঁড়া থেকে আসা একটি মালবাহী ট্রলির ইঞ্জিনের পেছনের অংশ (কেরিয়ার) ছিঁড়ে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী কাকচিঁড়া গ্রামের সৈয়দ আলী খান (৫০) ও মোস্তফা মৃধা (৫২) এবং মোটরসাইকেল চালক মাসুদ (২৫) গুরুতর আহত হন। তাঁদের বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরোহী দুজনের মৃত্যু ঘটে। মোটরসাইকেল চালককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।