বামনায় ২৫টি সেতু জরাজীর্ণ

বরগুনার বামনা উপজেলার বিভিন্ন এলাকার ২৫টি লোহার সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজারো মানুষ পার হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার আমতলী এলাকার খালের ওপর ২০০৫ সালে নির্মাণ করা সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতুর ওপরের পাটাতন ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও এলাকার লোকজন পার হচ্ছে।
স্থানীয় পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলে, সেতুতে উঠতে তার ভয় লাগে।
উপজেলার কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুরোনো বামনা খালের ওপরের সেতুটিও জরাজীর্ণ। সেতুটির লোহার অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে। এতে এর অবকাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। সেতুর সিমেন্টের পাটাতন ভেঙে যাওয়ায় এখন এক-দুই হাত পর পর পাটাতন আছে। এ সেতু দিয়ে প্রতিদিন পাশের প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা সদরগামী লোকজন ও শিক্ষার্থীরা পারাপার হয়।
বামনা সদরের পশ্চিম সফিপুর গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের পাশের খালের ওপর লোহার সেতুটি প্রায় দেড় মাস ধরে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। ওই সাঁকোটি পার হয়ে সফিপুর গ্রামের প্রায় ৪০০ লোককে উপজেলা সদরে যেতে হয়।
উপজেলার ঘোপখালী মাদ্রাসাসংলগ্ন খালের লোহার সেতুটির অবকাঠামো একদিকে হেলে পড়েছে। এ ছাড়া বৃষ্টি ও কাদায় সিমেন্টের পাটাতনে শেওলা পড়ায় পথচারীরা প্রায়ই দুর্ঘটনায় পড়ে।
ঘোপখালী দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র সায়মুন বলে, গত বছর সেতু পার হওয়ার সময় পাটাতন ভেঙে সে নিচে পড়ে যায়। এতে তার ডান হাত ভেঙে গিয়েছিল।
একইভাবে উপজেলার রুহিতা খালের ওপর একটি, পশ্চিম সফিপুর খালে দুটি, কালাইয়া মোল্লাবাড়ী খালে একটি, জয়নগর খালে একটি, উত্তর কাকচিড়া জমাদ্দারবাড়ী ও ডাক্তারবাড়ীর খালের ওপর দুটি, গুদিঘাটা এলাকায় তিনটি লোহার সেতুসহ উপজেলার অন্তত ২৫টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে আছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বামনা উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ২০০৫ সালের আগে গ্রামীণ যোগাযোগ রক্ষায় জনগুরুত্বপূর্ণ সড়কের খালগুলোতে বাঁশের সাঁকো অপসারণ করে স্বল্প ব্যয়ে লোহার সেতু নির্মাণ করা হয়।
এসব সেতু নির্মাণ করার পর এই প্রকল্পটি এলজিইডি থেকে অন্য দপ্তরে স্থানান্তর করা হয়। ফলে লোহার সেতুগুলো সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এলজিইডির বামনা উপজেলা প্রকৌশলী বেল্লাল হোসেন সরকার বলেন, লোহার সেতুগুলো সংস্কারের দায়িত্ব এনআইজি (ন্যাশনাল ইনস্টিটিউট অব গভর্নমেন্ট) বিভাগের। স্থানীয় সরকার বিভাগের তহবিল থেকে উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের ওই সেতুগুলো সংস্কার করার কথা।
বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম মৃধা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ঝুঁকিপূর্ণ লোহার সেতুগুলোর তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলেই জরুরি ভিত্তিতে সেতুগুলো সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হবে।
বামনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত কবির হাওলাদার বলেন, তাঁর এলাকার কিছু ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা তিনি মাস দুয়েক আগে উপজেলা পরিষদে পাঠিয়েছেন। তবে এখনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।