বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির ঐক্য জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেছেন, দেশের প্রগতিশীল বামপন্থীরা দলীয় সংকীর্ণতা ভুলে ঐক্যবদ্ধ হতে পারলে তাঁরা বিএনপি বা আওয়ামী জোটের চাইতেও বড় শক্তি হিসেবে গড়ে উঠবে।
সিপিবির প্রয়াত সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরহাদের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বোদা উপজেলার সাকোয়া হাসপাতাল চত্বরে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মনজুরুল আহসান খান বলেন একদিকে জামায়াত-বিএনপির অশুভ তৎপরতা, অন্যদিকে আওয়ামী দুঃশাসনে জনগণ দিশেহারা। দুর্নীতি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দেশের ভিত্তিমূলে আঘাত হানছে। শিক্ষা, স্বাস্থ্য ও গণমুখী কর্মসূচিতে বরাদ্দ কমিয়ে সরকার তার আমলাদের অর্থ ও সুযোগ-সুবিধা বাড়িয়ে দিচ্ছে। ভোটারবিহীন সরকার আজ আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল। এ মুহূর্তে সব বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামই সংকট থেকে মুক্তি দিতে পারে।
উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড দীপক কুমার দের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলতাফ হুসাইন। আরও বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নুর ইসলাম, আলী মর্তুজা, রমজান আলী প্রমুখ।