বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মার্কিন পত্রিকা ওয়াশিংটন টাইমস-এ নিবন্ধ লিখে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছেন বলে অভিযোগ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। পৃথক বিবৃতিতে দলগুলো এ নিবন্ধ লেখার নিন্দা জানিয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেন, ‘আমরা খালেদা জিয়ার এই ভূমিকাকে জাতির জন্য লজ্জাজনক বলে মনে করি। তাঁর নিবন্ধের ভাষা থেকে স্পষ্ট যে তিনি মার্কিন প্রশাসনকে তুষ্ট করতে গিয়ে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন। তিনি শত্রুকে মিত্র বানালেন এবং চরম মিথ্যাচারের আশ্রয় নিলেন। জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া অপর এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন।১০ বাম গণতান্ত্রিক দল: ওয়ার্কার্স পার্টি, গণ ঐক্য, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, গণ-আজাদী লীগ, বাসদ (বিএসডি), জনসংহতি সমিতি, কমিউনিস্ট কেন্দ্র, গণণতান্ত্রিক মজদুর পার্টি ও ন্যাপ এক যৌথ বিবৃতিতে বলেছে, খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে একাত্তরে বাংলাদেশের আত্মনিয়ন্ত্রণাধিকারের স্বীকৃতিদানকারী দেশ উল্লেখ করেছেন, তা সঠিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেবল বিরোধিতাই করেনি, পাকিস্তানি শাসকদের অর্থ, অস্ত্র ও কূটনৈতিক সাহায্য দিয়ে বাংলাদেশে পরিচালিত গণহত্যা ও অন্যায় আগ্রাসনকে সমর্থন জুগিয়েছে।