বামুনি কাঠশালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বামুনি কাঠশালিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা l ছবি: লেখক
বামুনি কাঠশালিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা l ছবি: লেখক

ভাতশালিক, ঝুঁটিশালিক, গোশালিক, কাঠশালিকদের বাংলাদেশের যেকোনো জায়গায় দেখা পাওয়া সহজ। কিন্তু বামুনি কাঠশালিকের সহজে দেখা মেলে না। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহজেই এ পাখির দেখা মেলে। ২০১৪ সালে রাজশাহী গিয়ে প্রথম দেখি। দেশের পাখি পর্যবেক্ষকদের চোখে হঠাৎ করে সে ধরা দেয়। গত বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় বামুনি কাঠশালিক (Brahminy Myna) দেখা গেছে। সম্প্রতি ঢাকার পূর্বাচলে গিয়ে একটি বামুনি শালিক দেখেছি। খুব সকালে সে খোলা মাঠে খাবার খুঁজে বেড়াচ্ছিল।
গাছগাছড়ার খোলামেলা বাগান, চাষাবাদের খেত, ভিজে মাঠ বামুনি কাঠশালিকের প্রিয় আবাস। অন্য শালিকদের চেয়ে কম দলবদ্ধ। বড় কোনো খাবারের উৎস পেলেই কেবল ঝাঁক বেঁধে আসে। অন্য সময় জোড়ায় অথবা ছোট দলে চলে। এক দলে ৪ থেকে ৭টি শালিক থাকে। বাগানে, ছড়ানো গাছের খোলা শুকনো বনে, ভিজে স্যাঁতসেঁতে মাঠে এবং শুকনো ঝোপেও বিচরণ করে। তৃণভূমিতে পোকা ধরার জন্য লাফিয়ে বেড়ায়। মাটিতে ঘোরাফেরা করলেও গাছে থাকতে ভালোবাসে। ঝোপময় বনে বাস করে। ওড়ার গতি অন্য শালিকদের চেয়ে বেশি। মাঝেমধ্যে টিয়ে, ময়নাদের সঙ্গে খাবার খায়। অন্য পাখির ডাক নকল করতে পারে। ভালো গান গাইতে পারে। অনেকটা তীব্র গীতিময় কণ্ঠ, গার্গলের শব্দের মতো। রাজশাহী বিভাগের বৃক্ষবহুল এলাকায় এ পাখির দেখা বেশি মেলে।
এ পাখি লম্বায় ২১ সেন্টিমিটার। ছেলে ও মেয়ে পাখি দেখতে একই রকম। মাথা কালো। ঠোঁট শক্ত, ঠোঁটের গোড়া নীল, মাঝখানটা সবুজ, ডগা হলদেটে। পা হলুদ। লেজ ও গলা পাটকিলে। লেজের তলায় সাদা ছোপ আছে। গোলাকার ডানার শালিক। প্রাপ্তবয়স্কদের মাথায় কালো টিকলি বা চূড়া থাকে, যা ঘাড়ের পেছন দিক পর্যন্ত বিস্তৃত। শরীরের ওপরের অংশ ধূসর। চোখের নিচে নীল-হলদে চামড়া থাকে। কিশোর বয়সীদের চূড়া বা ঝুঁটি থাকে না। দেহের নিচের অংশ বিবর্ণ কমলা পশমে ঢাকা। ফ্যাকাশে ঠোঁটের নিচের চামড়ায় জলপাই রঙের ছোপ থাকে। গাছের ফোঁকরে বাসা করে পাখির পালক, শুকনো ঘাস, পাতা দিয়ে। পুরোনো দেয়ালের পরিত্যক্ত ফাঁকা অংশেও বাসা বানায়। গাছের ডালে বাক্স ও হাঁড়ি বেঁধে দিলে তার মধ্যেও বাসা বানাতে পারে। ৩-৪টি ডিম দেয়, রং নীলচে। এরা সর্বভূক, তবে ফল ও পোকামাকড় বেশি পছন্দ। পাকা ফল, বিশেষত জাম বেশ প্রিয়। ফুলের মধুও খায়। দেশের কোথাও পাখিটিকে হরবোলা ও বামুনি ময়না বলা হয়। প্রজনন মৌসুমে ছেলে পাখি মাথার ঝুঁটি খাড়া করে গান গায়। শঙ্খশালিক নামেও পরিচিতি আছে।