বাম্পার আমন নিয়ে বিপদে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাম্পার আমন নিয়ে বিপদে কৃষক
বাম্পার আমন নিয়ে বিপদে কৃষক

দেশজুড়ে সংকটের মধ্যেও কৃষক তাঁর কাজটি ঠিকই করে যাচ্ছেন। আমনে বাম্পার ফলন হচ্ছে। এখন এ বাম্পার ফলন নিয়ে বিপাকে আছেন কৃষকেরা।
অবরোধের কারণে আমনে লোকসান গুনতে হচ্ছে। গত নভেম্বরে আমন কাটার শুরুতে ধানের দাম বেড়েছিল। কৃষকদের আশা ছিল, তিন বছর পর কিছুটা হলেও লাভের মুখ দেখা যাবে। কিন্তু আশা পূরণ হচ্ছে না। মাসাধিককাল ধরে দেশব্যাপী অবরোধ ও হরতালের কারণে কৃষক আবারও লোকসানে ধান বিক্রি শুরু করেছেন। এতে অন্তত এক কোটি কৃষক পরিবারের আর্থিক সংকট বাড়বে।
আমনের ফলন নিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এবার ১০ শতাংশ বেশি ফলন হবে। বাড়তি ফলনের কারণে ধানের দাম এমনিতেই কমতে পারে বলে জরিপ প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে কমপক্ষে পাঁচ লাখ টন চাল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছিল ব্র্যাকের ওই প্রতিবেদনে।
পরামর্শ বাস্তবায়ন দূরে থাক, লক্ষ্যমাত্রার দুই লাখ টন আমন সংগ্রহ করতে গিয়েই হিমশিম খাচ্ছে খাদ্য বিভাগ। অবরোধ ও হরতালের কারণে সংগ্রহ ধীরগতিতে এগোচ্ছে। অন্যদিকে ব্যবসায়ী ও চালকলের মালিকেরা হাট এবং মোকাম থেকে চাল কেনা কমিয়ে দিয়েছেন। ফলে একদিকে যেমন ধানের দাম কমছে, অন্যদিকে বাজারে জোগান কমে যাওয়ায় চালের দর বাড়ছে।
আমন ওঠার পর প্রতিবছর ডিসেম্বরে চালের দাম কমতে থাকে। এবার চিত্র উল্টো। খাদ্য বিভাগের হিসাবেই গত এক সপ্তাহে চালের দর কেজিতে এক টাকা বেড়েছে। আর বেসরকারি হিসাবে বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা।
এ বিষয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, দু-তিন বছর ধরে কৃষক ফসলের দাম না পাওয়ায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ক্রমাগতভাবে কমেছে। এবার আমনের আগে ধানের দাম বাড়তির দিকে ছিল। ফলে কৃষক ও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছিল।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, প্রতি কেজি মোটা চালের দর এক টাকা বেড়ে ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। আর দেশের প্রধান উৎপাদনকারী জেলাগুলোতে ধানের দাম প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। মোটা ধান প্রতি মণ ৫০০ থেকে ৬৫০ টাকা আর সরু ধান ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে প্রতি মণে দাম কমেছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
ইতিবাচক উৎপাদন, নেতিবাচক পরিণতি: ব্র্যাকের জরিপটি হয়েছে দেশের ২৬ জেলার ১০৬ গ্রামে। তাতে দেখা গেছে, এ বছর আমনে মোট উৎপাদন ৯ শতাংশ বেড়েছে। গত বছর উৎপাদন বেড়েছিল দশমিক ৭ শতাংশ।
একরপ্রতি উৎপাদন বৃদ্ধিতে আমনের সাফল্য বেশি। গত বছর প্রতি বিঘা জমিতে সাড়ে ১২ মণ ধান হয়েছে। এ বছর তা ১৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনুকূল আবহাওয়া। ফলে রোগ-বালাই এবার তেমন একটা হয়নি। আমনে সাধারণত কৃষক বাড়তি সেচ না দিলেও এবার ৫২ শতাংশ কৃষক সম্পূরক সেচ দিয়েছেন। এর ৬০ শতাংশ মধ্য আয়ের চাষি। ফলে কৃষকের আমনে উৎপাদন খরচও এবার বেড়েছে। প্রতি মণ ধানে কৃষকের খরচ হয়েছে ৭০০ টাকা।
আমনে এবার দেশি ধানের চেয়ে উচ্চফলনশীল ধানের চাষ বেশি হয়েছে। ৫৫ শতাংশ জমিতে স্বর্ণা জাতের চাষ হয়েছে। এটি একটি ভারতীয় জাত। দেশি চাষ বেশি হয়েছে ১৫ শতাংশ। মূলত বরিশাল, পিরোজপুর ও খুলনায় এ জাতের চাষ বেশি হয়েছে।
ব্র্যাকের হিসাবে সাত কোটি ৫০ লাখ মানুষ কৃষক পরিবারের সদস্য। কৃষকেরা তাঁদের মোট উৎপাদনের ২০ শতাংশ উদ্বৃত্ত উৎপাদন করেন। এক কোটি কৃষক বাজারে ধান বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
কৃষককে প্রশ্ন করা হয়েছিল, গত বছরের তুলনায় এ বছর তাঁরা কেমন আছেন। উত্তরে ২৫ শতাংশ কৃষক বলেছেন, তাঁদের অবস্থা গত বছরের চেয়ে ভালো হয়েছে। ১২ শতাংশ বলেছেন, খারাপ ও ৬৩ শতাংশ বলেছেন, অবস্থা অপরিবর্তিত আছে।
মাহবুব হোসেনের মতে, আমনের এ চিত্র দেশের কৃষি খাতের এক নতুন পরিবর্তনের সূচনার লক্ষণকে স্পষ্ট করছিল। এ সময় সরকারের সঠিক সংগ্রহনীতি আর রাজনৈতিক সংঘাতের অবসান না হলে কৃষি খাতসহ সামগ্রিকভাবে অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে।