বাম্পার ফলনেও নিঃস্ব!
গতবারের মতো এবারও বেশি লাভের আশায় ঋণ নিয়ে দুই বিঘা জমিতে আগাম আলু আবাদ করেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাটিগাড়া গ্রামের কৃষক গোবিন্দ বর্মণ। আলুর বাম্পার ফলন হলেও বাজারদর অস্বাভাবিক কম থাকায় আলু নিয়ে বিপাকে পড়েছেন তিনি। হিমাগারে আলু রেখে পরে বেশি দামে বিক্রির আশায় একের পর এক হিমাগার ঘুরে বেড়িয়েছেন। খালি পাননি একটিও। মাঠ থেকে আলু ওঠার এক মাস আগে হিমাগারে সংরক্ষণের আগাম স্লিপ বরাদ্দ শেষ হয়ে গেছে বলে হিমাগার কর্তৃপক্ষ জানিয়ে দেয়। উপায়ান্তর না দেখে এক ফড়িয়ার কাছে তিন টাকা কেজি দরে জমির সব আলু বেচে দেন। সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের চাষি রণজিৎ বর্মণ (৪৩) একটি বেসরকারি সংস্থা থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়ে ও দুটি বাছুর বিক্রি করে তিন বিঘা জমিতে আলু আবাদ করেছিলেন। কিন্তু বাজারে আলুর দাম কেজি প্রতি আড়াই টাকা দেখে হতাশ হয়ে পড়েন। সেই সঙ্গে ঋণের টাকা পরিশোধ কীভাবে করবেন, এই দুশ্চিন্তায় আছেন।জানা গেছে, সংরক্ষণের সুযোগ না পেয়ে চাষিরা অল্প দামে আলু বিক্রি করে দিচ্ছেন। এ সুযোগ নিচ্ছেন আলু ব্যবসায়ীরা। তাঁরা গ্রামে ঘুরে ঘুরে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কাছ থেকে আড়াই থেকে তিন টাকা দরে আলু কিনে নিয়ে আসছেন আড়তে। আড়তদারেরা ওই আলু পাঁচ টাকা দরে কিনে আট টাকা দরে পাঠিয়ে দিচ্ছেন ঢাকায়। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন ফড়িয়ারা। ঠাকুরগাঁওয়ের সবজি আড়তের এক ফড়িয়া হেসে বলেন, ‘আলুর বাজার দর কম হলেই তো ভালো। কম দামে আলু কিনে বেশি দরে বিক্রি করতে পারলেই বেশি লাভ পাব।’রাজ্জাক হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর আলম মজুমদার বলেন, ‘হিমাগারের ধারণ ক্ষমতা ৮৩ হাজার বস্তা। ধারণ ক্ষমতার বিপরীতে ৮০ হাজার স্লিপ আলু সংরক্ষণকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।’ ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার ২৫ হাজার ৫৯১ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ২৬ হাজার ৯০০ হেক্টর জমিতে। উৎ পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৪৭ হাজার ৮৪৩ মেট্রিক টন। উৎ পাদনের তুলনায় জেলায় আলু সংরক্ষণের সুবিধা পর্যাপ্ত নয়। জেলায় আলু সংরক্ষণের জন্য ১০টি হিমাগার রয়েছে। যেখানে মাত্র ৪৭ হাজার ৭৮৪ মেট্রিক টন আলু সংরক্ষণের সুবিধা রয়েছে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল আলম জানান, আলু আবাদের ক্ষেত্রে বাজার দর ও হিমাগারের জায়গা-সংকট একটা বড় সমস্যা। আলু বীজ সংরক্ষণের জন্য কৃষকদের সুবিধা দিতে হবে। তা না হলে পরের মৌসুমে আলু আবাদ আশঙ্কাজনক হারে কমে আসবে।