বাম্পার ফলনের আশায় ধানবীজ কিনে প্রতারিত কৃষক
বাম্পার ফলনের আশায় বেশি দামে একটি কোম্পানির ধানের বীজ কিনে চাষ করেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার গুহিভিটা গ্রামের কৃষকেরা। রোপণের পর ১৫০ দিন অতিবাহিত হলেও ধানের গাছে শিষ আসেনি। কবে নাগাদ ধানে শিষ আসবে বা এলেও ফলন পাওয়া যাবে কি না, তার নিশ্চয়তা তাঁরা পাচ্ছেন না।এই অবস্থায় ক্ষতিপূরণের দাবিতে এলাকার দুই শতাধিক কৃষক গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে কৃষকেরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।কৃষকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দলিল উদ্দীন, কৃষক লীগের জেলা সভাপতি মো. সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক এস এম সালাম গতকাল ওই গ্রামে যান। কৃষক আনোয়ার হোসেন তাঁর খেত দেখিয়ে জানান, ৩৩০ টাকা কেজি দরে বায়ার ক্রপ সায়েন্স বীজ কোম্পানির ‘ধানী’ বীজ কিনেছিলেন তিনি। কোম্পানির ডিলার জানিয়েছিলেন, প্রতি শতকে এক মণ ধান পাওয়া যাবে। তবে ফলন উঠতে বিআর ২৮-এর চেয়ে ১০ দিন বেশি লাগবে। বিআর ২৮ ফলন উঠতে ১২০ থেকে ১৩০ দিন লাগে। কিন্তু ধানী ধানের চারা রোপণের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও গাছে এখনো শিষ আসেনি।আশপাশের খেত দেখিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘সবাই ধান কাটতে শুরু করেছে, অথচ আমার খেত এখনো সবুজ। গাছে শিষই আসেনি।’দুই বিঘা জমিতে ধানী ধান আবাদ করছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয় ডিলার সুমন চন্দ্রের কাছ থেকে ধানী ধানবীজ কিনে চাষ করেছি। আশপাশের সবার ধান কাটা হয়ে গেলেও আমার ধানগাছগুলোতে এখনো গামর (শিষ) হয়নি। সেই সঙ্গে বেড়েছে পোকার আক্রমণ। হাতে টাকাও নেই যে কীটনাশক ছিটাবো, জানি না কী হবে।’বায়ার ক্রপ সায়েন্স বীজ কোম্পানির ডিলার সুমন চন্দ্র বলেন, ‘কৃষকেরা আমার কাছে অভিযোগ করছে। কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে আমার বড় লোকসান হবে। ফসল ঘরে তোলার পর বীজের দাম নেব, এমন শর্তে বীজ দিয়ে এখন বিপদে পড়েছি।’বায়ার ক্রপ সায়েন্স বীজ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক বিধানচন্দ্র পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মিডিয়ায় কিছু বলতে গেলে ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি লাগে। আপনি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।’ ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোন নম্বর চাইলে বিধান চন্দ্র জানান, তিনি দেশের বাইরে আছেন।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক দলিল উদ্দীন বলেন, শুধু গুহিভিটায় নয়, বায়ার ক্রপ সায়েন্স বীজ কোম্পানির বীজ চাষ করে জেলার অনেক কৃষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।