বাম্পার ফলনের পর দাম কম হিমাগারেও জায়গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। দাম কম হওয়ায় কৃষকদের গুনতে হচ্ছে লোকসান। হিমাগারগুলোতে প্রচণ্ড ভিড়, সামনে হাজার হাজার বস্তা আলু, রাখার জায়গা পাচ্ছেন না কৃষকেরা।মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো এবার যোগ হয়েছে হিমাগারের অতিরিক্ত ভাড়া। বস্তাপ্রতি ভাড়া ১০০ টাকা বেড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ভাষ্যমতে, এ বছর আলুর রেকর্ড পরিমাণ আবাদ ও ফলন হয়েছে। ফলন ১১ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আমিনুর রহমান জানিয়েছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। এর আগে ২০০৭-০৮ সালে সর্বোচ্চ আবাদ ছিল ৩৬ হাজার ৪৫ হেক্টর জমিতে। ওই সময় ফলন হয় ১০ লাখ ৮১ হাজার ৩৫০ মেট্রিক টন। আর এ বছর হেক্টরপ্রতি গড়ে ফলন হয়েছে ৩০ মেট্রিক টন। সেই হিসাবে এবার আলুর উত্পাদন ধরা হয়েছে ১১ লাখ মেট্রিক টন, যা মুন্সিগঞ্জের ইতিহাসে রেকর্ড পরিমাণ।সদর উপজেলার কাটাখালী বাজারসংলগ্ন নয়াচরে প্রায় সাত একর জমিতে আলু চাষ করেছেন তাওলাদ মাহমুদ। তিনি জানান, জমির ভাড়া, শ্রমিকের খরচ, কীটনাশক-সার-বীজ মিলিয়ে উত্পাদনখরচ সাড়ে আট লাখ টাকা পড়েছে। তিনি এক হাজার ১০০ বস্তার মতো আলু পেয়েছেন। বর্তমান বাজারে তাঁর আলুর দাম আছে সাড়ে আট লাখ টাকা। এগুলো হিমাগারে রাখতে গেলে বস্তাপ্রতি হিমাগার ভাড়া ২৬০ টাকা, এর সঙ্গে পরিবহনখরচ ১২০ টাকা যুক্ত হবে। অনেক কৃষক হিমাগারে রাখার চেয়ে লোকসান দিয়েই আলু বিক্রি করে দিচ্ছেন। তাওলাদ মাহমুদ অভিযোগ করেন, হিমাগার মালিকেরা তাঁদের ভাড়ার কিছু অংশ অগ্রিম দাবি করছেন। কহিনূর হিমাগার কর্তৃপক্ষ তাঁকে বস্তাপ্রতি ৫০ টাকা আগেই দিতে বলেছেন। আলু নিয়ে কৃষকেরা তাই বিপাকে।ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, এবার আলুর বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি হিমাগারে জায়গা নেই, ভাড়াও বেশি। অনুসন্ধানে জানা যায়, জেলায় আলু সংরক্ষণের জন্য ৭১টি হিমাগার রয়েছে। এর মধ্যে ৫৯টি চালু আছে। ৫৯টি হিমাগারের ধারণক্ষমতা চার লাখ ২১ হাজার মেট্রিক টন। গত ২০ ও ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হিমাগার মালিকদের নিয়ে এক সভায় প্রতিটি হিমাগারে জেনারেটর রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অনেক হিমাগার মালিক তা কার্যকর করেননি। কহিনূর হিমাগারের ব্যবস্থাপক উত্তম কুমার সাহা জানান, তাঁদের ধারণক্ষমতা ১৪ হাজার ৫০০ বস্তা। এবার ফলন বেশি হয়েছে। তাই কৃষকদের ঝামেলা কমাতে ৫০ টাকা করে বেশি আগেই নেওয়া হচ্ছে, যাতে চাপ একটু কম থাকে। জেনারেটর না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ছোট প্রজেক্ট তাই কিনিনি।’ গত মঙ্গল ও বুধবার সদর উপজেলার মুক্তারপুর ও টঙ্গিবাড়ী এবং সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, প্রতিটি হিমাগারের সামনে বস্তা বস্তা আলু নিয়ে কৃষক ও ব্যবসায়ীরা ভিড় করছেন। অনেক কৃষক জায়গা না পেয়ে হিমাগার থেকে হিমাগারে ঘুরছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, এবার আলুর ফলন ১১ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। আলু বিদেশে রপ্তানি করা প্রয়োজন। হিমাগার ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারির সভায় হিমাগার মালিকদের ডেকেছিলাম। কিন্তু তাঁরা কেউ আসেননি। ২৬০ টাকা ভাড়ার ব্যাপারে আমরা বিরোধিতা করছি।’ বাংলাদেশ হিমাগার মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জানান, বিদ্যুতের দাম বাড়ার কারণে হিমাগার ভাড়া বাড়ানো হয়েছে।