বাম্পার ফলনের হাসি বাজারে গিয়ে মলিন
ঘূর্ণিঝড় সিডরের পর গত চার বছর ধরে ফসলহানির পর এবার আউশের ভালো ফলন পেলেও ভালো দাম না থাকায় বরগুনার কৃষকেরা বাড়তি ফলন নিয়ে বিপাকে পড়েছেন। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর এবারই কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় ছাড়া আউশের ভালো ফলন পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছিলেন এ অঞ্চলের কৃষক। কিন্তু ধানের দাম কমে যাওয়ায় সেই আনন্দ ফিকে হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানান, এবার জেলায় আউশ ধানের আবাদ হয় ৪৫ হাজার ১৩৫ হেক্টর জমিতে। এতে প্রতি হেক্টরে গড়ে চার টন ধান উৎপাদন হয়। ভালো ফলন পেয়ে সমৃদ্ধির সোনালি স্বপ্নে বিভোর হয়ে উঠেছিলেন বরগুনা সদর উপজেলার আমতলী গ্রামের কৃষক হিরণ মিয়া। কিন্তু সে হাসি মলিন আর স্বপ্ন ফিকে হয়ে যায় বরগুনার বাজারে ধান বিক্রি করতে এসে। মনপ্রতি ৩৬০ টাকা দরে ধান বিক্রি করেছেন তিনি। বাজারে ধানের যে দাম, তাতে উৎপাদন খরচ উঠবে না বলে জানালেন তিনি। গত মঙ্গলবার বরগুনার ধানের বাজারে ধান বিক্রি করতে এসে দাম কম দেখে হতাশ হন তিনি। তিনি বলেন, ‘চাইর বছরে ভালো ফলনের মুখ দেহি নায়। এইবার ধানের ফলন দেইখ্যা আশায় বুক বানছিলাম। বুঝছিলাম মোগো সুদিন ফিইর্যা আইবে। কিন্তু ভালো ফলন পাইলাম, অথচ বাজারে দাম নাই। মোগো কপালডাই পোড়া।’ খাজুরতলা গ্রামের আবুল হোসেন হাওলাদার আক্ষেপ করে বলেন, ‘এক মণ ধান ফলাইতে মোগো ৪০০ টাকার উপরে খরচ অইছে। এহন বাজারে আইয়্যা দেহি ধানের মণ ৩৬০ টাকা। পানির দামে ধান বেচতে অইলে মোগো বিষ খাইয়্যা মরণ ছাড়া উপায় নাই।’বরগুনার পাইকারি ধান ক্রেতা কবিরুর রহমান বলেন, এবার আউশের বাম্পার ফলন হলেও দাম খুব কম। স্থানীয় বাজারে প্রতি মণ ধান ৩৬০ টাকা দরে কিনে চাঁদপুর ও মুন্সিগঞ্জে চালান করেন। সংকর তালুকদার নামের আরেকজন ধান-চাল ব্যবসায়ী জানান, ৩৬০ টাকা দরে তাঁরা প্রতি মণ ধান ক্রয় করেন। এই দর মোকাম থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার দক্ষািঞ্চলের বৃহৎ ধানের বাজার আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বগীহাটে গিয়ে দেখা গেছে একই চিত্র। অনেকে প্রয়োজনের তাগিদে এ হাটে ধান বিক্রি করলেও তাতে সন্তুষ্ট নন কোনো চাষি। আমতলীর গাবতলী গ্রামের কৃষক মতিউর রহমান খান জানান, দেড় একর জমিতে আউশ ধান চাষ করেছেন তিনি। হিসাব অনুযায়ী প্রতি একরে জমির মালিককে দিতে হয়েছে ছয় হাজার ৬০০ টাকা, চাষের জন্য পাওয়ারটিলার খরচ ৬৫০ টাকা, রোপণে এক হাজার ৭০০ টাকা, সার এক হাজার ৫০০ টাকা, ধান কাটা-মাড়াই-কীটনাশকসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি একরে উৎপাদন ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার টাকারও বেশি। আউশের বাম্পার ফলনে প্রতি একর জমিতে ১৫-১৬ মণ ধান পেয়েছেন তিনি। কিন্তু বর্তমান বাজারদরে তাঁকে শুধু লোকসানই গুনতে হবে। বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, এবার আউশের বাম্পার ফলন দেখে এ অঞ্চলের কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু ধানের মূল্য কমে যাওয়ায় কৃষকেরা চরমভাবে হতাশ। এতে কৃষকেরা চাষাবাদে নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর রহমান বলেন, ভালো মূল্য পেলে কৃষকেরা আরও উৎসাহ পেতেন।