বাম্পারে আটকা ছাত্রকে ছেঁচড়ে নিয়ে গেল বাসটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় বিরামপুরের পৌর এলাকার চাঁদপুর মাদ্রাসা মোড়ে একটি বাস সাইকেল আরোহী দুই স্কুলছাত্রকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ এক ছাত্র ছিটকে পড়ে আহত হয়। রাকিবুল হাসান (১৩) নামে অপর ছাত্র বাসটির সামনের বাম্পারে আটকে যায়। এ সময় চালক বাসটি না থামিয়ে ওই ছাত্রকে ছেঁচড়ে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে ফাঁকা স্থানে বাসটি থামিয়ে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় রাকিবুলকে প্রথমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাকিবুল পৌরসভার পলাশবাড়ী এলাকার আশফাক চৌধুরীর ছেলে এবং বিরামপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। দুর্ঘটনায় অপর আহত শাহীনুর ইসলাম (১১) একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বাসের যাত্রী আবুবকর সিদ্দিক জানান, দিনাজপুরগামী বাসটি বেপরোয়া গতিতে চালাতে গিয়ে বিরামপুরের চাঁদপুর মাদ্রাসা মোড়ে একটি সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।