বায়তুল মোকাররমে পেশ ইমাম নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পেশ ইমাম পদে নিয়োগের জন্য দেওয়া ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ স্থগিতাদেশ ও রুল দেন।
গত ৭ মে একটি জাতীয় দৈনিকে পেশ ইমামসহ ১৮টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন। এর মধ্যে পেশ ইমামের একটি পদে নিয়োগের শর্তে বিধি লঙ্ঘন করা হয়েছে দাবি করে রিট আবেদন করেন গাজীপুরের বড়গাঁও জামে মসজিদের খতিব আবদুর রহিম, যিনি নিজে ওই পদের একজন প্রার্থী। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মণ্ডল।
জানতে চাইলে সানজীদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা-১৯৯৮ এ পেশ ইমামের যোগ্যতায় বলা হয়েছে, ইমাম হওয়ার জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি বিধি লঙ্ঘন করে আট বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ জন্য আদালত পেশ ইমাম পদে ওই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনকে চার সপ্তাহের রুল দিয়েছেন আদালত।
গত ২৭ মে প্রথম আলোতে ‘তিন পেশ ইমামই প্রভাবশালী ব্যক্তির ভাগনে’ শিরোনামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পেশ ইমাম পদে নিয়োগে অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, বায়তুল মোকররমে পেশ ইমাম পদে তিন প্রভাবশালী ব্যক্তির তিন ভাগনে নিয়োগ পেয়েছেন, যাঁদের নিয়োগের সময় বড় ধরনের অনিয়ম ছিল। সর্বশেষ গত মার্চে একজনের পদোন্নতির বেলায়ও একই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এর আগে দুই প্রভাবশালী ব্যক্তির ভাগনেকে অনিয়মের মাধ্যমে নিয়োগের পর এখন আরেকজনের ভাগনের স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চলছে। চাকরিবিধি লঙ্ঘন করে গত এপ্রিলে তাঁকে দৈনিকভিত্তিক ইমাম নিযুক্ত করা হয়।