লিবিয়া, ইরাক ও মালয়েশিয়ায় বেসরকারিভাবে কর্মী পাঠানোর কর্মকাণ্ড মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রাখার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কমিটির মতে, দেশের দরিদ্র শ্রেণির মানুষ এই তিন দেশে বেশি যান। এ কারণেই কমিটি এ সুপারিশ করেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য হুইপ মো. শাহাবউদ্দিন সাংবাদিকদের বলেন, বেসরকারিভাবে জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বায়রা যে পরিমাণ টাকা নেয়, সেটা দেশের দরিদ্র মানুষের পক্ষে দেওয়া কষ্টকর হয়ে যায়। কারণ মালয়েশিয়া, লিবিয়া ও ইরাকে দরিদ্র মানুষই বেশি যান। সে জন্য সংসদীয় কমিটি এই তিন দেশে সরকারিভাবে কর্মী পাঠানোর সুপারিশ করেছে।
শাহাবউদ্দিন আরও বলেন, কমিটি বলছে না যে বায়রা কর্মী পাঠাতে পারবে না। তারাও পাঠাবে। তবে তারা যেন কর্মীদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয়কে তদারকি করতে বলা হয়েছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে বায়রার কার্যক্রমকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রেখে মালয়েশিয়া, ইরাক ও লিবিয়া ছাড়া অন্যান্য দেশে কর্মী পাঠানোর তৎপরতা বাড়ানোর সুপারিশ করা হয়। এ ছাড়া লিবিয়া ও ইরাকে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মো. শাহাব উদ্দিন, ইসরাফিল আলম ও আয়েন উদ্দিন অংশ নেন।