*বিশ্বে মারা যায় ৩০ লাখ মানুষ *বায়ুদূষণের কারণে পাঁচটি রোগ বাড়ছে
দেশে বায়ুদূষণের কারণে বছরে ৩৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ ছাড়া তীব্র শ্বাসকষ্টজনিত রোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুস ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোক বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমান সময়ে সবচেয়ে বড় পরিবেশজনিত স্বাস্থ্যঝুঁকি হচ্ছে বায়ুদূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘অ্যামবিয়েন্ট এয়ার পল্যুশন: আ গ্লোবাল অ্যাসেসমেন্ট অব এক্সপোজার অ্যান্ড বার্ডেন অব ডিজিজ’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে বায়ুদূষণের কারণে বিশ্বে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়। এর ৮৭ শতাংশ নিম্ন ও মধ্য আয়ের দেশের বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বায়ুদূষণ কিছু রোগের বোঝা বাড়াচ্ছে; বিশেষ করে তীব্র শ্বাসকষ্টজনিত রোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ফুসফুস ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোক। বলা হচ্ছে, বাংলাদেশে ২০১২ সালে বায়ুদূষণজনিত কারণে তীব্র শ্বাসকষ্টে ৩ হাজার ৮৫০ জনের, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে ৮ হাজার ৩১৬ জনের, ফুসফুস ক্যানসারে ৪ হাজার ৩৭৫ জনের, হৃদ্রোগে ১০ হাজার ২৯১ জনের ও স্ট্রোকে ১০ হাজার ৬১৭ জনের মৃত্যু হয়। মোট অনুমিত মৃতের সংখ্যা ৩৭ হাজার ৪৪৯। সেই হিসাবে বাংলাদেশে বায়ুদূষণের কারণে দৈনিক ১০৩ জনের মৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১ লাখ মানুষের মধ্যে ২৪ জন মারা যাচ্ছে বায়ুদূষণে।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই হিসাব অনুমিত। আমাদের দেশে এই পাঁচটি রোগে মৃত্যুর সংখ্যা ঠিক এ রকম না হলেও এর কাছাকাছি।’ তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বায়ুদূষণের কারণে অসংক্রামক রোগ বাড়ছে, এটি প্রমাণিত। আগামী বছর থেকে পাঁচ বছর মেয়াদি যে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচি শুরু হবে, তাতে মানুষকে এ বিষয়ে সচেতন করার উদ্যোগের কথা আছে।
জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সাবেক পরিচালক ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক রাশেদুল হাসান বলেন, ‘আমরা দেখেছি, বায়ুদূষণের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ হয়। অনেক ক্ষেত্রে পরে তা ফুসফুসের ক্যানসারে রূপ নেয়।’ এ জন্য দূষণ কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানুষকে সচেতন করা জরুরি বলে এই বিশেষজ্ঞ চিকিৎসক মত দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে স্বাস্থ্য-উপাত্ত, স্বাস্থ্যের ওপর ঘরের বাইরের বাতাসে থাকা ভাসমান সূক্ষ্মকণা, জনমিতির উপাত্ত বিশ্লেষণ করে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুর হিসাব করা হয়েছে। এ ক্ষেত্রে ১০৩টি দেশের তিন হাজার শহরের উপগ্রহের ও স্থানিক তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে। বলা হচ্ছে, মৃত্যু ও রোগাক্রান্তের রক্ষণশীল হিসাব দেওয়া হয়েছে। স্বাস্থ্যের ওপর নাইট্রোজেন অক্সাইড এবং ওজোনের প্রভাব এই হিসাবে নেওয়া হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঘরের বাইরের (আউটডোর) এবং ঘরের ভেতরের বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকির কারণ হয়েছে। নয়টি মৃত্যুর একটি হচ্ছে বায়ুদূষণের কারণে। উদ্বেগজনক হারে বায়ুদূষণ বাড়ছে। দূষণের প্রভাব পড়ছে অর্থনীতি ও মানুষের জীবনমানে। এটা এখন জরুরি জনস্বাস্থ্য সমস্যা।
পরিস্থিতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাবের যে তীব্রতা, তাতে জরুরি উদ্যোগ প্রয়োজন। গ্যাস নির্গমনের বাইরেও সমাধান খুঁজতে হবে, দেখতে হবে কোন বিষয়গুলো স্বাস্থ্যের উন্নতি ঘটায়।