বার কাউন্সিল নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই নির্বাচন নিয়ে হাইকোর্টের জারি করা রুল অগ্রাধিকার ভিত্তিতে ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিলের করা আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, এ জে মোহাম্মদ আলী। তাঁকে সহায়তা করেন আইনজীবী নাজনীন নাহার।পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত আদেশ দিয়েছেন। ফলে বার কাউন্সিল নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রয়েছে। রিটকারীদের আইনজীবী নাজনীন নাহার বলেন, হাইকোর্ট ভোটার তালিকা সংশোধন প্রশ্নে রুল জারি করেছিলেন। আপিল বিভাগ ১৫ দিনের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। ফলে ২৮ মে নির্বাচন হচ্ছে না।