বার কাউন্সিলকে পঙ্গু করতেই এই সংশোধনী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাদেশের মাধ্যমে বার কাউন্সিল আইন সংশোধনের প্রতিবাদে ৮ নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবেন আইনজীবীরা। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।বার কাউন্সিলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন বলেন, ভারত-পাকিস্তানসহ বিশ্বের কোনো দেশেই আইনজীবীদের প্রতিষ্ঠানে সরকারের হস্তক্ষেপ করার নজির নেই। সরকার নির্বাচিত সদস্যদের মাধ্যমে পরিচালিত বার কাউন্সিলকে পঙ্গু করা এবং এর ওপর নির্বাহী বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই সংশোধনী এনেছে। তিনি অধ্যাদেশটি অনুমোদন না করার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান। গত ২১ অক্টোবর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২’ সংশোধন করা হয়েছে। এতে বলা হয়েছে, বার কাউন্সিলের সচিবকে নিয়োগ দেবে সরকার। সরকারের পূর্বানুমোদন ছাড়া বার কাউন্সিল পরিচালনায় কোনো বিধান প্রণয়ন করা যাবে না। এ ছাড়া অধ্যাদেশে আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে বিচারকদের সমন্বয়ে ‘এনরোলমেন্ট কমিটি’ গঠনের বিধান রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য সাংসদ মাহবুব উদ্দিন, সানাউল্লা মিয়া ও এ জে মোহাম্মদ আলী।