বার কাউন্সিলের নির্বাচন আজ, ১৪ পদে প্রার্থী ৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বুধবার। সারা দেশের ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী এ নির্বাচনে ভোট দিতে পারবেন।
বার কাউন্সিলের সূত্র বলেছে, এবারের নির্বাচনে বার কাউন্সিলের ১৪টি সদস্য পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে সাধারণ সদস্যপদে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে সাতজন গ্রুপ সদস্য নির্বাচিত হবেন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্রসহ সারা দেশের ৭৭টি কেন্দ্রে এ ভোট গ্রহণ হবে।
বার কাউন্সিল পরিচালিত হয় ১৫ জন সদস্যের সমন্বয়ে, যার চেয়ারম্যান থাকেন পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। বাকি ১৪ জন আইনজীবীর সরাসরি ভোটে নির্বাচিত হন। ওই ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতি তিন বছর পর পর বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল চারটি হলো: আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী সংগঠন-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি ও সমমনা আইনজীবীদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, আইনজীবী ঐক্যফ্রন্ট এবং আইনজীবী ঐক্য পরিষদ। এ চার প্যানেলের বাইরে কয়েকজন স্বতন্ত্র ও একক প্রার্থী হয়েছেন।
সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-সমর্থিত প্রার্থীরা হলেন: জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন: বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন, মো. সানা উল্লাহ মিয়া, মো. বদরুদ্দোজা বাদল, মো. বোরহানউদ্দিন ও মো. মহসিন মিয়া।
আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন: সুব্রত চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, আবদুল মোমেন চৌধুরী, সারওয়ার-ই-দীন, মো. হেলাল উদ্দিন ও মো. শামসুল হক।
আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীরা হলেন: মো. ইউনূছ আলী আকন্দ, মো. মাহবুব আলী ভূঁইয়া, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল হোসেন, মো. দেলোয়ার হোসেন মল্লিক, মো. শওকত হায়াত ও সুলতান এ সবুর চৌধুরী।
এই নির্বাচন হওয়ার কথা ছিল গত ২০ মে। কিন্তু ভোটার তালিকায় ত্রুটি ও একই নাম একাধিকবার থাকার অভিযোগ জানিয়ে কাউন্সিলের নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী ২৯ এপ্রিল কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। পরে নির্বাচন সাত দিন পিছিয়ে ২৭ মে নির্ধারণ করা হয় এবং ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়। আপিল বিভাগ নির্বাচনের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন। সংশোধিত ভোটার তালিকায় ভোটার সংখ্যা প্রায় ৪৮ হাজার থেকে কমে ৪৩ হাজারে দাঁড়ায়।