বার কাউন্সিলের নির্বাচন ১৮ জুলাই করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ১৮ জুলাই করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বার কাউন্সিল কর্তৃপক্ষের করা পৃথক আবেদন নিষ্পত্তি করে গতকাল সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।আগের তারিখ অনুসারে ১৭ জুন ওই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বার কাউন্সিলের নির্বাচন এক মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন। এতে স্থগিতাদেশ চেয়ে বার কাউন্সিল কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল এসব আবেদনের ওপর শুনানি হয়।আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী।পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ আবেদনগুলো নিষ্পত্তি করে দিয়েছেন। আগামী ১৮ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। এর আগে ২০ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আইন অনুসারে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা ১০ দিনের মধ্যে হালনাগাদ করতে নির্দেশ দিয়ে রায় দেন। পাশাপাশি ২০ জুনের মধ্যে ওই নির্বাচন করতে বলা হয়। ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, এমন অভিযোগে মোহাম্মদ সালেহউদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী ওই রিট আবেদনটি করেন।