বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কে হচ্ছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কে হচ্ছেন—তা নিয়ে আইনজীবীদের মধ্যে আলোচনা চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকে এ আলোচনা শুরু হয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা জানিয়েছেন, এবারের নির্বাচনে তাঁরা কাউন্সিলের ১৪টি আসনের মধ্যে ১০টিতে জিতেছেন। অবশ্য গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা শেষ হয়নি।
সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বার কাউন্সিলের নির্বাচন হয় প্যানেলভিত্তিক। প্রচলিত প্রথা হচ্ছে, যে প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই প্যানেলের প্রধানকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আইনজীবীদের অনেকে বলেন, যেহেতু এম আমীর-উল ইসলামের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই প্রথা অনুসারে তাঁরই ভাইস চেয়ারম্যান হওয়ার কথা।
এ বিষয়ে জানতে চাইলে আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচনে ভোট কম-বেশি পাওয়ার সঙ্গে ভাইস চেয়ারম্যান নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যাঁর নেতৃত্বে প্যানেল বিজয়ী হয়, তিনি ভাইস চেয়ারম্যান হন। এই প্রথা মানা না হলে প্যানেল পদ্ধতিতে নির্বাচন কার্যকর থাকবে না।
উদাহরণ হিসেবে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, অতীতে ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের চেয়ে সদস্য মাহবুব উদ্দিন খোকন বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু প্যানেলপ্রধান হিসেবে খন্দকার মাহবুব ভাইস চেয়ারম্যান হন। এর আগে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ যখন ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, তিনি ভোট পাওয়ার দিক থেকে চতুর্থ ছিলেন। ড. কামাল হোসেন যখন ভাইস চেয়ারম্যান হন, তখন প্যানেলে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন সৈয়দ রেজাউর রহমান। কিন্তু প্রথা মেনে প্যানেলপ্রধানেরা বরাবরই ভাইস চেয়ারম্যান হয়ে আসছেন।
বেসরকারি ফল অনুযায়ী এবার সর্বোচ্চ ভোট পাওয়া আবদুল বাসেত মজুমদার অবশ্য প্রথম আলোকে বলেন, অন্য সব নির্বাচনের প্যানেলপ্রধান আর এবারেরটি এক নয়। কারণ, অন্যবার সবার ঐকমত্যের ভিত্তিতে প্যানেলপ্রধান হন। এবার তা হয়নি। তিনি বলেন, ‘আমি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক। আমাকে সবচেয়ে বেশিসংখ্যক আইনজীবী ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বার কাউন্সিলের যে ১৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যেও ভোট হলে আমিই সংখ্যাগরিষ্ঠতা পাব।’
১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অনুসারে, ১৫ জন সদস্যকে নিয়ে বার কাউন্সিল গঠিত হয়। এর মধ্যে কাউন্সিলের চেয়ারম্যান হন পদাধিকারবলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। বাকি ১৪ জন সদস্য সারা দেশের আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হন। নির্বাচিত ১৪ সদস্য ভোটাভুটির মাধ্যমে একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন।