আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
এদিকে বাসেত মজুমদার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কাউন্সিল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম।
২ সেপ্টেম্বর বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর গতকাল মঙ্গলবার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের নিয়ে প্রথম সভা হয়। পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাসেত মজুমদার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কাউন্সিলের সচিব এ কে এম জহুরুল আলম পরে সাংবাদিকদের এ কথা জানান।
সরকার-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম গতকালের সভায় উপস্থিত ছিলেন না। তিনি গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি কাউন্সিল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি যেহেতু একটি দলের পৃষ্ঠপোষকতায় নির্বাচন করেছি, তাই নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অনুমোদন চেয়ে তাঁর কাছে চিঠি পাঠিয়েছি। তিনি অনুমোদন করলে আমি পদত্যাগপত্র জমা দেব।’
কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন—এ প্রশ্নের জবাবে আমীর-উল ইসলাম বলেন, ‘গত সোমবার রাতে সাহারা খাতুনের (আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য) সভাপতিত্বে এক সভায় আমাকে ভাইস চেয়ারম্যান করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এমন সময় তাঁকে (সাহারা খাতুন) আইনমন্ত্রী টেলিফোন করে বলেন যে যিনি বেশি ভোট পেয়েছেন, তিনি ভাইস চেয়ারম্যান হবেন, যেন এটা নেত্রীর সিদ্ধান্ত।’ তিনি বলেন, এর আগে সব সময় যিনি প্যানেলের নেতৃত্ব দিয়েছেন, তিনিই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটাই প্রচলিত রীতি। ড. কামাল হোসেন, শামসুল হক চৌধুরী, শফিক আহমেদ, সর্বশেষ ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন—কেউই সর্বোচ্চ ভোট পাননি। কিন্তু প্যানেলের নেতৃত্ব দেওয়ায় তাঁরাই ভাইস চেয়ারম্যান হন। এবার তার ব্যতিক্রম হলো।
বার কাউন্সিলের ১৪টি সদস্য পদে সরকার-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১১টি পদ এবং বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল তিনটি সদস্যপদ পায়। সর্বোচ্চ ১৫ হাজার ১০৯ ভোট পেয়ে আবদুল বাসেত মজুমদার সরকার-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন। এ ছাড়া একই প্যানেল থেকে এম আমীর-উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, কাজী মো. নজীবুল্লাহ (হিরু), এইচ আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম-১ নির্বাচিত হন।
বিএনপি-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন বার কাউন্সিলের গতবারের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, এম মাহবুব উদ্দিন খোকন ও মো. কাইমুল হক।