বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন বাসেত মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল বাসেত মজুমদার
আবদুল বাসেত মজুমদার

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পর আজ মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাসেত মজুমদার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সভা শেষে কাউন্সিলের সচিব এ কে এম জহুরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তবে সরকার-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম সভায় উপস্থিত ছিলেন না।
২ সেপ্টেম্বর বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। কাউন্সিলের ১৪টি সদস্য পদে সরকার-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১১টি পদ এবং বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল তিনটি সদস্য পদ পায়। সর্বোচ্চ ১৫ হাজার ১০৯ ভোট পেয়ে আবদুল বাসেত মজুমদার সরকার-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন। এ ছাড়া একই প্যানেল থেকে এম আমীর-উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, মানবাধিকার আইনজীবী জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, কাজী মো. নজীবুল্লাহ হিরু, এইচ আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম (১) নির্বাচিত হন। 

বিএনপি-সমর্থিত প্যানেল থেকে বার কাউন্সিলের গতবারের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, এম মাহবুব উদ্দিন খোকন ও মো. কাইমুল হক নির্বাচিত হন।